ফল ফাঁসে ঢাবির চার কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত
মেডিকেল শিক্ষার্থীদের এমবিবিএস চূড়ান্ত পরীক্ষার ফলাফল প্রকাশিত হওয়ার আগে তা ফাঁস করায় চার কর্মকর্তা-কর্মচারীকে সাময়িক বরখাস্ত করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
তারা অর্থের বিনিময়ে বিশ্ববিদ্যালয় অধিভুক্ত বেসরকারি মেডিকেল কলেজগুলোর পরীক্ষার ফল কিছু শিক্ষার্থীকে জানিয়ে দেন বলে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর অধ্যাপক আমজাদ আলী জানিয়েছেন।
ওই চার কর্মকর্তা-কর্মচারী হলেন, বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রণ অফিসের সেকশান অফিসার রণজিত রঞ্জন চৌধুরী, পিয়ন বিধান চন্দ্র রায় ও নিরাপত্তা প্রহরী আবুল হোসেন এবং বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল মোবাইল টিমের সদস্য শাহাদাত হোসেন।
প্রক্টর আমজাদ আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “অর্থের বিনিময়ে বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রণ অফিসের একটি চক্র এ কাজটি করে থাকেন। এতে ফলপ্রার্থীরা আগেই ফলাফল জেনে অসদুপায়ের চেষ্টা করতে পারে। বিষয়টি এক ধরনের অপরাধ।
“এ অভিযোগ পাওয়ার পর প্রথমে দুইজনকে এবং পরে আরও দুইজনকে আটক করে শাহবাগ থানা পুলিশে সোপর্দ করা হয়।”
এ ঘটনা তদন্তে কমিটি গঠন করা হবে জানিয়ে প্রক্টর বলেন, “কমিটির প্রতিবেদনের ভিত্তিতে তাদের বিরূদ্ধে চূড়ান্ত প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।”
ওই চারজনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।
