প্রাথমিক সমাপনীতে পরীক্ষার্থী বেড়েছে দেড় লাখ
প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনীতে এবার ৩২ লাখ ৫৪ হাজার ৫১৪ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেবে।
এর মধ্যে প্রাথমিক সমপানীতে ২৯ লাখ ৪৯ হাজার ৬৩ এবং ইবেতেদায়ীতে তিন লাখ পাঁচ হাজার ৪৫১ জন শিক্ষার্থী বসবে পঞ্চম শ্রেণির এই সমাপনী পরীক্ষায়।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান ফিজার বুধবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে জানান, এ বছর ছাত্রদের তুলনায় দুই লাখ ৩৫ হাজার ৯৫৩ জন বেশি ছাত্রী এ পরীক্ষা দিচ্ছে।
আগামী ২২ থেকে ২৯ নভেম্বর প্রাথমিক ও ইবেতেদায়ী সমাপনী হবে। পরীক্ষা নেওয়া হবে সকাল ১১টা থেকে দেড়টা পর্যন্ত।
মন্ত্রী জানান, প্রাথমিক সমাপনীতে এ বছর ১৫ লাখ ৯২ হাজার ৫০৮ জন ছাত্র এবং ১৩ লাখ ৫৬ হাজার ৫৫৫ জন ছাত্রী পরীক্ষা দেবে।
আর ইবেতেদায়ীর মোট পরীক্ষার্থীর মধ্যে এবার এক লাখ ৬০ হাজার ৫৬১ জন ছাত্র, এক লাখ ৪৪ হাজার ৮৯০ জন ছাত্রী।
গত বছর প্রাথমিক ও ইবেতেদায়ী সমাপনীতে ৩০ লাখ ৯৫ হাজার ৩২১ জন শিক্ষার্থী অংশ নিয়েছিল। সেই হিসেবে এবার পরীক্ষার্থী বেড়েছে এক লাখ ৫৯ হাজার ১৯৩ জন।
ফিজার বলেন, দেশের সাত হাজার ৫২টি কেন্দ্রে এবার সমাপনী পরীক্ষা হবে। এছাড়া আরও আটটি দেশের ১১টি কেন্দ্রে প্রাথমিক সমাপনীতে অংশ নেবে বাংলাদেশি শিক্ষার্থীরা।
অন্যবারের মত এবারও প্রতিবন্ধী পরীক্ষার্থীরা অতিরিক্ত ২০ মিনিট সময় পাবে বলে জানান মন্ত্রী।
পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য ২০০৯ সাল থেকে প্রাথমিক সমাপনী পরীক্ষা শুরু হয়। আর ইবতেদায়ীতে এই পরীক্ষা হচ্ছে ২০১০ সাল থেকে।
প্রথম দুই বছর বিভাগভিত্তিক ফল দেওয়া হলেও ২০১১ সাল থেকে গ্রেডিং পদ্ধতিতে ক্ষুদে শিক্ষার্থীদের সমাপনীর ফল দেওয়া হচ্ছে।
আগে এই পরীক্ষার সময় ছিল দুই ঘণ্টা। ২০১৩ সাল থেকে পরীক্ষার সময় আধ ঘণ্টা বাড়িয়ে আড়া্ই ঘণ্টা করা হয়।
প্রশ্ন ফাঁস ঠেকাতে ৬৪ জেলাকে বিশেষ আটটি অঞ্চলে ভাগ করে আট সেট প্রশ্নে এবার প্রাথমিক ও ইবেতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষা নেবে সরকার।
অন্যদের মধ্যে প্রাথমিক ও গণশিক্ষা সচিব মেছবাহ উল আলম, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক মো. আলমগীর সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।
প্রাথমিক সমাপনীর সূচি
২২ নভেম্বর ইংরেজি, ২৩ নভেম্বর বাংলা, ২৪ নভেম্বর বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, ২৫ নভেম্বর প্রাথমিক বিজ্ঞান, ২৬ নভেম্বর ধর্ম ও নৈতিক শিক্ষা এবং ২৯ নভেম্বর গণিত।
ইবতেদায়ী সমাপনীর সূচি
২২ নভেম্বর ইংরেজি, ২৩ নভেম্বর বাংলা, ২৪ নভেম্বর পরিবেশ পরিচিতি সমাজ/পরিবেশ পরিচিতি বিজ্ঞান, ২৫ নভেম্বর আরবি, ২৬ নভেম্বর কুরআন ও তাজবীদ এবং আকাঈদ ও ফিকহ্ এবং ২৯ নভেম্বর গণিত।
