২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ফাঁসিতে আর আইনি বাধা নেই: অ্যাটর্নি জেনারেল

রিভিউ খারিজ হওয়ায় একাত্তরে মুক্তিযুদ্ধ চলাকালে মানবতাবিরোধী অপরাধে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদ ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরীর দণ্ড কার্যকরে আর কোনা আইনি বাধা নেই বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Nov 2015, 01:20 PM

Updated : 25 Apr 2022, 02:09 PM

মামলায় মুজাহিদ ও সাকা চৌধুরীর ফাঁসির রায় পুনর্বিবেচনার (রিভিউ) আবেদন বুধবার সুপ্রিম কোর্টের আপিল বিভাগ খারিজ করে দেওয়ার পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা জানান তিনি।

অ্যাটর্নি জেনারেল বলেন, ‍"আজকে রিভিউ পিটিশন খারিজ হওয়ার মাধ্যমে আইনি পক্রিয়ার পরিসমাপ্তি ঘটল। ফাঁসি কার্যকর করার ব্যাপারে আর কোনো আইনি বাধা নেই। এখন সরকারি সিদ্ধান্তে এবং তারা যদি কোনো ক্ষমা ভিক্ষা চান সেই কথা আলাদা।"

শর্ট অর্ডার লাগবে কি না- এমন প্রশ্নে তিনি বলেন, "আমি আদালতে শর্ট অর্ডার চেয়েছিলাম। তারা বলেছেন, যেহেতু মামলা খারিজ হয়ে গেছে তাই শর্ট অর্ডারের কোনো প্রয়োজন নেই। কোনো রকম স্থগিতাদেশ নেই। কাজেই কোনো রকম শর্ট অর্ডারেরও প্রয়োজন নেই।"

কতদিনের মধ্যে কার্যকর করতে হবে- জানতে চাইলে সরকারের প্রধান আইন কর্মকর্তা বলেন, "এই আইনে নির্দিষ্ট করে কোনো সময় দেওয়া নেই। তাদেরকে হয়তো জিজ্ঞাসাবাদ করা হবে। এই প্রক্রিয়াটির কোনো সময়সীমা নেই।"

সালাউদ্দিন কাদের চৌধুরীর কাগজ জমা দেওয়া সংক্রান্ত প্রশ্নের জবাবে তিনি বলেন,

"সালাউদ্দিন কাদের চৌধুরী ঘটনার সময় বাংলাদেশে ছিলেন না মর্মে এর আগেও কাজগ জমা দেওয়া হয়েছিল। ওই তারিখেই আদালত এসব দরখাস্ত খারিজ করে দিয়েছিলেন।

"এবার পাঞ্চাব ইউনিভার্সিটির একটি ডুপ্লিকেট সার্টিফিকেট দেওয়া হয়েছে। আদালত এটাকে গোচরে আনেননি। আমরাও বলেছি, এই কথিত সার্টিফিকেট গ্রহণ করা যাবে না। কারণ, এই কথিত সার্টিফিকেট ২০১২ সালে ইস্যু করা।

"সালাউদ্দিন কাদের চৌধুরী তার পাকিস্তানে অবস্থানের বিষয়ে ২০১৩ সালের জুলাইতে নিজেই আদালতে সাক্ষ্য দিয়েছিলেন। সেখানে তিনি এসব কিছু উল্লেখ করেননি। সুতরাং এই সার্টিফিকেট শেষ মুহূর্তে বিবেচনায় আনার প্রয়োজন আছে বলে আদালত মনে করেনি। আমরাও একই রকম বক্তব্য দিয়েছি।

“তারচেয়ে বড় কথা হচ্ছে কোনো বিদেশি কাগজ সেই দেশের নোটারি পাবলিকেশন্সের সামনে অথেনটিকেট করতে হয়। ওটা সাইন করেন সেখানে আমাদের দেশের অ্যাম্বাসেডর, হাইকমিশনার অথবা অন্য কোনো দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি।

"পাকিস্তানে আমাদের হাইকমিশনার সেখানে স্বাক্ষর করেননি। সুতরাং এটাকে কাউন্টার সাইন করার প্রশ্ন আসে না। আইনি প্রক্রিয়ায় এটা গ্রহণযোগ্য নয়।

"আজকের কথিত সার্টিফিকেটে লেখা ছিল সেশন- ১৯৭১, এর আগে একজন কথিত অধ্যাপকের একটি সার্টিফিকেইট দেওয়া হয়েছিল। তাতে লেখা ছিল সেশন ১৯৭০-৭১। সেশন কখনও এক বছর হয় না। হয়তো ৭০-৭১ হবে, অথবা ৬৯-৭০ এরকম হবে।

"যেহেতু সালাউদ্দিন কাদের চৌধুরীর ভর্তি দেখানো হয়েছে ১৯৬৮ সনে, তারা মৌখিকভাবে বলেছেন সালাউদ্দিন কাদের চৌধুরীর ক্রেডিট টান্সফার করা হয়েছে।

"ওই সময় আমি নিজে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একই বিভাগে পড়তাম। সেই সময় আমাদের কোনো সেমিস্টার সিস্টেম ছিলনা। সুতরাং ক্রেডিট ট্রান্সফারের কোনো বিধানও তখন ছিল না। সেমিস্টার সিস্টেম চালুর পর আমাদের দেশে ক্রেডিট ট্রান্সফারের বিষয়টি চালু হয়।

"সুতরাং ১৯৭১ সালে পাকিস্তানের কোনো বিশ্ববিদ্যালয় থেকে এতো শর্ট টাইমে পাস করার বিষয়টিও নিয়ম বহির্ভূত।"

রায়ে সন্তোষ প্রকাশের কারণ সম্পর্কে অ্যাটর্নি জেনারেল বলেন, "এই রায়টি পেয়ে আমরা সন্তোষ প্রকাশ করছি এজন্য যে, আলী আহসান মুজাহিদকে সাজা দেওয়া হল বুদ্ধিজীবী হত্যার দায়ে।

"১৯৭১ সালের ১৪, ১৫, ১৬ ডিসেম্বর তিনদিনে যে পরিমাণ বুদ্ধিজীবী হত্যা করা হয়েছে পৃথিবীর কোনো দেশে এতো বুদ্ধিজীবী হত্যা করা হয়নি। উদ্দেশ্য ছিল দেশকে মেধাশূন্য করা। যখনই বুদ্ধিজীবীদের কথা মনে পড়ে বিষাদে মন ভারাক্রান্ত হয়ে যায়।

"বুদ্ধিজীবীদের হত্যার জন্য যদি কোনো বিচারের রায় না পেতাম আমাদের হতাশাটা অব্যাহত থাকতো। একজনকেও যাতে সাজা দেওয়া হল এটাই আমাদের স্বস্তি, আমাদের সান্ত্বনা।

"আর সালাউদ্দিন কাদের চৌধুরীর অপরাধ অভাবনীয়। অন্য কোনো আসামিকে চারটি চার্জের জন্য মৃত্যুদণ্ড দেওয়া হয়নি। এরকম ভয়াবহ হত্যাকাণ্ড ঘটিয়েও যদি বিদেশে ছিলেন বলে তিনি ছাড়া পেয়ে যান তাহলে এটা আমাদের জন্য হতো বিরাট পরাজয়।"

প্রধান বিচারপতি এসকে সিনহার নেতৃত্বে চার সদস্যের আপিল বেঞ্চ বুধবার এক মিনিটের ব্যবধানে দুই রিভিউ আবেদনের রায় ঘোষণা করে। দুই ক্ষেত্রেই প্রধান বিচারপতি শুধু বলেন, “ডিসমিসড”। 

মঙ্গলবার মুজাহিদের আবেদনের ওপর প্রায় তিন ঘণ্টা শুনানি হয়। আর বুধবার সকাল থেকে সাকা চৌধুরীর আবেদনের ওপর শুনানি হয় প্রায় দেড় ঘণ্টা।

সাবেক দুই মন্ত্রীর রিভিউ শুনানির দিন থাকায় সকাল থেকেই সুপ্রিম কোর্টের সবগুলো প্রবেশ পথে নিরাপত্তা বাড়ানো হয়। প্রবেশের সময় সবার পরিচয়পত্র পরীক্ষা করে পুলিশ, সন্দেহ হলে করা হয় তল্লাশি।

দুই শুনানিতেই আসামিপক্ষে যুক্ত তুলে ধরেন খন্দকার মাহবুব হোসেন, যিনি বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের একজন সদস্য। অন্যদিকে রাষ্ট্রপক্ষে যুক্ত উপস্থাপন করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।