২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টঙ্গীতে যুবককে কুপিয়ে হত্যা

গাজীপুরের টঙ্গীতে পূর্বশত্রুতার জের ধরে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Nov 2015, 01:48 AM

Updated : 22 Aug 2022, 01:58 PM

নিহত সাজ্জাদ হোসেন বাদল (১৮) স্থানীয় আউচপাড়া মুক্তারবাড়ি সড়ক এলাকার মৃত আসাদ মিয়ার ছেলে। বাবা মারা যাওয়ার পর মামা মো. রমজান আলীর বাসায় থেকে তার ব্যবসায় সহযোগিতা করতেন তিনি।

মঙ্গলবার সন্ধ্যায় হামলায় তিনি নিহত হন বলে টঙ্গী থানার উপ-পরিদর্শক মো. বেলাল হোসেন জানান।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, উত্তরা হাসপাতালে মারা যাওয়ার পর বাদলের স্বজনরা তার লাশ টঙ্গী থানায় নিয়ে আসেন।

এ ঘটনায় বাদলের মামা মামলার প্রস্তুতি নিচ্ছেন জানালেও তাৎক্ষণিকভাবে ঘটনার বিস্তারিত জানাতে পারেননি তিনি।

তবে ঘটনার বর্ণনা দিয়ে বাদলের মামা রমজান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দুপুরে ভাগ্নেকে স্থানীয় ‘সুন্দর জীবন’ মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে নিয়ে যাচ্ছিলেন তিনি।

Image
ম্যাপ: গাজীপুর

ম্যাপ: গাজীপুর

“পথে স্থানীয় সন্ত্রাসী সাদ্দাম, জাকির ও নাঈমসহ আরও কয়েকজন ৩/৪টি ককটেল ফাঁটিয়ে আমার কাছ থেকে বাদলকে ছিনিয়ে নেয়। পরে রাম দা-চাপাতি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে তাকে গুরুতর জখম করে।”

গুরুতর আহত অবস্থায় বাদলকে উদ্ধার করে প্রথমে টঙ্গী ও পরে ঢাকার উত্তরার রিজেন্ট হাসপাতালে ভর্তি করেন জানিয়ে রমজান বলেন, সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা ৭টার দিকে বাদল মারা যায়।

বাদলের হত্যাকারীরা তিনদিন আগেও তাদের বাড়িতে হামলা চালিয়ে জানালার কাঁচ ভাংচুর করেছিল বলে অভিযোগ করেন রমজান।

প্রায় সপ্তাহ খানেক আগে টঙ্গীর দেওড়া এলাকার সবুজ নামের একজনের সঙ্গে কথা বলা নিয়ে বাদলের সঙ্গে তাদের শত্রুতা তৈরি হয় দাবি করে তিনি বলেন, “বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে আপোষ-মীমাংসাও হয়েছিল।”