লোভ-লালসার ঊর্ধ্বে থেকে কাজ করতে হবে: তারানা
মন্ত্রণালয়ের দায়িত্ব নেওয়ার পর প্রথমবার টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসির কার্যালয়ে এসে কর্মকর্তা-কর্মচারীদের লোভ-লালসার ঊর্ধ্বে থেকে কাজ করতে বলেছেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম।
ক্ষমতার অপব্যবহার যাতে না হয় সেদিকে খেয়াল রেখে কাজ করার আহ্বান জানিয়ে সেক্ষেত্রে সহযোগিতারও আশ্বাস দিয়েছেন তিনি।
মঙ্গলবার বিটিআরসির কার্যালয় পরিদর্শনে এসে কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন প্রতিমন্ত্রী।
ইন্টারনেটের দাম কমানো, সেবার মানোন্নয়ন, দ্রুত গতির ইন্টারনেট এবং অবৈধ মোবাইল সিমের কারণে মানুষের হয়রানি রোধে কঠোরতার সঙ্গে এগিয়ে যাওয়ার কথা বলেন তারানা হালিম।
বিটিআরসির চেয়ারম্যান ড. শাহজাহান মাহমুদ বলেন, “আমি নিশ্চিত করতে চাই, যাদের আমরা রেগুলেট করছি তাদের সাথে যেন ব্যক্তিগত সম্পর্কসহ কোনো ধরনের সম্পর্ক স্থাপিত না হয়।”
বিটিআরসি যাতে স্বাধীনভাবে কাজ করতে পারে সে প্রত্যাশা জানিয়ে প্রতিমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে তিনি বলেন, “আপনার কাছে অনুরোধ থাকল, এই কমিশনের স্বাধীনতা যেন সর্বত্রভাবে রক্ষা হয় সেটা রক্ষণাবেক্ষণের দায়িত্ব আপনার।
“আপনি আমাদের স্বাধীনভাবে চলার ক্ষমতা দেন, তাহলে এই কমিশন যে জন্য তৈরি করা হয়েছিল তা অর্জনের লক্ষ্যে আমরাও আপনাকে আমাদের সমস্ত কার্যাবলীর মাধ্যমে প্রমাণ করে দেব।”
এ বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, “ডাক ও টেলিযোগাযোগ বিভাগ আপনাদের আশ্বস্ত করতে চায়, আপনারা কখনোই মনে করবেন না-আপনাদের কোনো ক্ষমতা হরণ করা হচ্ছে।
“আমরা কারও ক্ষমতা হরণ করতে চাই না, ক্ষমতা যার যেখানে থাকবে সেটিকে নিশ্চিত করতে চাই; সেই সঙ্গে এটিও নিশ্চিত করতে চাই সেই ক্ষমতার যেন অপব্যবহার না হয়, সেই ক্ষমতা যেন সকল প্রকার লোভ, লালসা, বিতর্কের ঊর্ধ্বে থেকে কাজ করতে পারে। সেই ক্ষেত্রে সহযোগিতার হাত প্রসারিত থাকবে।”
২০১০ সালে বাংলাদেশ টেলিযোগাযোগ আইন সংশোধনের পর টেলিযোগাযোগ সম্পর্কিত ক্ষমতা বিটিআরসি থেকে মন্ত্রণালয়ের কাছে চলে যায়। এরপর থেকে বিটিআরসি ও মন্ত্রণালয়ের মধ্যে বিভিন্ন ধরনের লাইসেন্স ইস্যুসহ অন্যান্য বিষয়ে টানাপোড়েন শুরু হয়।
বর্তমানে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের আওতাধীন রয়েছে বিটিআরসি।
নিয়ন্ত্রক সংস্থাকে বিতর্কের ঊর্ধ্বে থেকে কাজ করার আহবান জানিয়ে প্রতিমন্ত্রী তারানা বলেন, “আপনারা রেগুলেটরি বডি। আমি চাই সকলকে সমান দৃষ্টিতে দেখতে, একটি প্রতিযোগিতামূলক বাজারে যেন কোনো রকমের পক্ষপাতিত্ব না থাকে। রেগুলেটরি বডি সব রকম বিতর্কের ঊর্ধ্বে থেকে রেগুলেট করবে।
“এই ব্যাপারে আপনাদের একশভাগ নিশ্চিত করতে চাই, ডাক ও টেলিযোগাযোগ বিভাগ থেকে কোনো অন্যায়ের সুপারিশ আপনাদের কাছে আসবে না। কোনো অন্যায় চাপ আপনাদের উপর থাকবে না।”
চার মাস আগে মন্ত্রণালয়ের দায়িত্ব নেওয়ার পর বিটিআরসি পরিদর্শনে এতোদিন কেন আসেননি তার কারণ ব্যাখ্যায় তারানা হালিম বলেন, “প্রত্যেকটি ব্যক্তির কিছু ব্যক্তিগত মূল্যবোধ, কিছু নীতি নিয়ে সে জন্মগ্রহণ করে, যে নীতি ও মূল্যবোধের সঙ্গে কখনও আপোষ করে না।
“মূল্যবোধের জায়গাগুলোর সঙ্গে বিটিআরসির মূল্যবোধের জায়গাগুলোতে একটা ফারাক থাকায় এতোদিন আসিনি, সজ্ঞানে আসিনি, ইচ্ছাকৃতভাবে আসিনি।”
তারানা হালিম প্রতিমন্ত্রীর দায়িত্ব নেওয়ার সময় বিটিআরসি চেয়ারম্যান ছিলেন সুনীল কান্তি বোস। গতমাসে নতুন চেয়ারম্যান হিসেবে যোগ দেন শাহজাহান মাহমুদ।
কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশ্য তারানা হালিম বলেন, “আজকে আমার মনে হচ্ছে, আমাদের বিবেক এবং মূল্যবোধের জায়গায় আমরা একটি একত্রিত এবং সম্মিলিত জায়গায় এসে পৌঁছেছি। অতীত ঘাটতে চাই না, বর্তমানের দিকে তাকাই এবং অপটিমিস্টিক হই।”
ভাল কাজের জন্য পুরস্কার এবং তা না হলে বদলি করা হতে পারে বলে সতর্ক করেন প্রতিমন্ত্রী।
এ সময় বিটিআরসির ভাইস চেয়ারম্যান আহসান হাবিব খানসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
