সংসদে উত্থাপনের পর বিল প্রত্যাহার
নৌ বন্দরে স্থাপনা তৈরিতে ‘দায়মুক্তির’ বিধান রেখে সংসদে উত্থাপিত ১৯০৮ সালের বন্দর আইন সংশোধনের প্রস্তাব প্রত্যাহার করেছেন নৌমন্ত্রী শাজাহান খান।
সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক হওয়ায় নৌ পরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সুপারিশের পরিপ্রেক্ষিতে মন্ত্রী মঙ্গলবার ‘পোর্টস (অ্যমেন্ডমেন্ট) বিল-২০১৫’ প্রত্যাহারের প্রস্তাব করলে সংসদ তা কণ্ঠভোটে অনুমোদন করে।
বিলে বলা ছিল, “অন্য আইন বা সুপ্রিম কোর্টসহ অন্য কোনো আদালতের আদেশ-নির্দেশ যাই থাকুক না কেন, এই আইনের সঙ্গে সম্পৃক্ত বিষয়ে এই আইন বা তার বিধি-বিধান প্রাধান্য পাবে। বন্দরের সকল সকল ধরনের স্থাপনা, টার্মিনাল, ভবন, গ্যাংওয়ে, ল্যান্ডিং স্টেশন, ট্রানজিট শেড, ওয়্যার হাউস, জেটি, ফেরি, ল্যান্ডিং স্পেস, ডক, মুরিং, নদীর তীরবর্তী বা দূরবর্তী যা বন্দরের আওতাভুক্ত, তা এই আইনের অধীন হবে।”
কমিটি মত জানায়, আইনটি সংবিধানের ১১২ অনুচ্ছেদের সঙ্গে সাংঘর্ষিক।
সংবিধানের ১১২ অনুচ্ছেদে বলা আছে, প্রজাতন্ত্রের রাষ্ট্রীয় সীমানায় অন্তর্ভুক্ত সব নির্বাহী ও বিচার বিভাগীয় কর্তৃপক্ষ সুপ্রিম কোর্টকে সহায়তা করবে।
গত ৬ সেপ্টেম্বর বিলটি সংসদে তোলার পর তা পরীক্ষা করে সংসদে প্রতিবেদন দেওয়ার জন্য নৌ-মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটিতে পাঠানো হয়েছিল।
পরে কমিটি বিলটি আরও যুগপোযোগী করে নতুন করে প্রণয়নের জন্য সুপারিশ করে গত ৯ নভেম্বর প্রতিবেদন সংসদে উপস্থাপন করে।
প্রতিবেদনে কমিটির সভাপতি রফিকুল ইসলাম বলেন, “নৌপরিবহন খাতের বিভিন্ন উন্নয়নমূলক কাজ বাধাহীনভাবে চালানোর জন্য সুপ্রিম কোর্টকে সম্পৃক্ত করা হয়েছে। এটি করা হলে সুপ্রিম কোর্টের এখতিয়ারে হস্তক্ষেপ করা হবে।
“তাছাড়া আইনটি প্রাকৃতিক জলাশয় আইন, বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, পরিবেশ সংরক্ষণ আইনসহ আরও একাধিক আইনের সঙ্গে সাংঘর্ষিক। সম্প্রতি হাই কোর্ট এসব বিষয়ে কিছু রায় দিয়েছেন, যা আমাদের আমলে নিতে হবে।”
বিলটি নিয়ে কমিটিতে দুই দিন আলোচনা হয়েছে জানিয়ে প্রতিবেদনে আরও বলা হয়, এটি ১০৭ বছরের পুরনো আইন। ছোটখাটো সংশোধনীর মাধ্যমে আইনটিকে যুগোপযোগী করা যাবে না। যে উদ্দেশ্যে বিল আনা হয়েছে, তা পাস হলে সরকারের উদ্দেশ্য পূরণ হবে না। তাই আইনটি নতুন করে প্রণয়ণ করা দরকার।
প্রস্তাবনার দিন বিলের উদ্দেশ্য ও কারণ সম্পর্কে নৌমন্ত্রী বলেছিলেন, অভ্যন্তরীণ নৌ-পথ এবং নৌ-পরিবহন ব্যবস্থার উন্নয়ন, সংরক্ষণ এবং নিয়ন্ত্রণের লক্ষ্যে নৌ-বাণিজ্য এবং নৌ-পরিবহনযোগ্য নৌ-পথ গড়ে তোলাসহ দেশের আর্থ-সামাজিক উন্নয়নে নদীর বহুমাত্রিক ব্যবহার নিশ্চিত করা এবং নদী বন্দরগুলো উন্নয়নের মাধ্যমে সরকারের রাজস্ব আদায় বৃদ্ধির জন্য ‘দ্যা পোর্টস অ্যাক্ট-১৯০৮’ সংশোধন করা প্রয়োজন।
