ইউনেস্কোর ফোরামে বাংলাদেশের শিক্ষার উন্নয়নের চিত্র তুলে ধরলেন শিক্ষামন্ত্রী
বাংলাদেশকে ২০২১ সালের মধ্যে মধ্যম ও ২০৪১ সালের মধ্যে উন্নত দেশ হিসেবে গড়ে তুলতে শিক্ষাকে জাতীয় উন্নয়ন এজেন্ডার মূলভিত্তি বিবেচনা করছে বাংলাদেশ বলে ইউনেস্কোতে বিশ্ব নেতাদের জানালেন শিক্ষামন্ত্রী।
বাংলাদেশের শিক্ষামন্ত্রী ও ইউনেস্কোর ভাইস প্রেসিডেন্ট নুরুল ইসলাম নাহিদ মঙ্গলবার প্যারিসে ইউনেস্কো লিডার্স ফোরামে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিনিধি হিসেবে দেওয়া বক্তৃতায় একথা জানান।
মঙ্গলবার রাতে শিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ইউনেস্কোর লিডার্স ফোরামে শেখ হাসিনার অংশ নেওয়ার কথা থাকলেও শেষ মুহূর্তে তা বাতিল করা হয়। পরে প্রধানমন্ত্রীর প্রতিনিধি হিসেবে নাহিদ এ সম্মেলনে যোগ দেন।
৪ নভেম্বর ইউনেস্কোর ৩৮তম অধিবেশনে বাংলাদেশের শিক্ষামন্ত্রী ২০১৫-১৭ মেয়াদে ইউনেস্কোর ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হন।
সম্মেলনে শিক্ষামন্ত্রীর বক্তব্যকে উদ্ধৃত করে বিবৃতিতে বলা হয়, “শিক্ষায় টেকসই বিনিয়োগের মাধ্যমে ইতোমধ্যে বাংলাদেশে প্রাথমিক স্তরে প্রায় শতভাগ শিক্ষার্থী ভর্তি এবং মাধ্যমিক স্তর পর্যন্ত ছাত্র-ছাত্রী সংখ্যায় সমতা অর্জন করেছে।”
শিক্ষার্থীদের বিনামূলে পাঠ্যপুস্তক বিতরণের খতিয়ান তুলে ধরে নাহিদ বলেন, “বাংলাদেশের এক কোটি ৩৪ লাখ দরিদ্র শিক্ষার্থী সরকারের উপবৃত্তি সুবিধা পাচ্ছে যার ৭৫ ভাগই ছাত্রী। বাংলাদেশ সরকার নতুন প্রজন্মকে দক্ষ ও যোগ্য বিশ্বনাগরিক হিসেবে গড়ে তুলতে মানসম্মত শিক্ষার প্রসারের ওপর গুরুত্ব দিচ্ছে।”
সন্ত্রাস ও জঙ্গিবাদ মোকাবেলায় ইউনেস্কোর ভূমিকার কথা উল্লেখ করে নাহিদ বলেন, “উগ্রজঙ্গিদের সঙ্গ থেকে দূরে রাখতে যুব সমাজকে মূলধারার সঠিক শিক্ষায় শিক্ষিত করতে হবে। সন্ত্রাসী ও জঙ্গীরা কোনো দেশের সীমারেখায় সীমাবদ্ধ থাকে না।”
সব ধরণের সন্ত্রাসবাদ ও জঙ্গিবাদের বিরুদ্ধে বাংলাদেশ সরকারের ‘জিরো টলারেন্স’ নীতির কথাও উল্লেখ করেন তিনি।
ইউনেস্কো লিডারসের ফোরামে ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া অলন্দ, মাল্টার প্রেসিডেন্ট মেরি লুইজ সোলিরো ফিকাসহ বিশ্ব নেতারা বক্তব্য দেন।
