ডেমরায় তড়িতাহত হয়ে দুই শ্রমিকের মৃত্যু
রাজধানীর ডেমরার শারুলিয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে।
এরা হলেন-মো. মাসুদ (৩৫) ও সবুজ (২৫)।
মঙ্গলবার বিকালে শারুলিয়া বাজারে একটি পিকআপ ভ্যান থেকে মালামাল নামানোর সময় তারা তড়িতাহত হন বলে ডেমরা থানার পরিদর্শক (তদন্ত) সিরাজুল ইসলাম জানান।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কয়েকজন শ্রমিক পিকআপ ভ্যান থেকে মালামাল নামানোর সময় তাদের খুব কাছে বিদ্যুতের তার ছিল।
“এ সময় মাসুদ বা সবুজের মধ্যে কোনো একজনের শরীরের সঙ্গে তার লাগলে তারা তড়িতাহত হন।”
তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় আরও তিন শ্রমিক আহত হয়েছেন বলে পরিদর্শক সিরাজুল জানিয়েছেন।
