সংকট মোকাবেলায় বাংলাদেশের সহায়তা চায় নেপাল
ভূমিকম্পের ক্ষয়ক্ষতি কাটিয়ে ওঠার চেষ্টারত নেপাল জ্বালানি তেল, চাল ও ওষুধের চাহিদা পুরণে বাংলাদেশের সহায়তা চেয়েছে।
বাংলাদেশে নেপালের রাষ্ট্রদূত হরি কুমার শ্রেষ্ঠা মঙ্গলবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করে এই সহায়তা চান।
নেপালকে প্রয়োজনীয় সহায়তা দেওয়ার আশ্বাস দেন শেখ হাসিনা।
বিকালে গণভবনে এই সাক্ষাতের পর প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম এ বিষয়ে সাংবাদিকদের জানান।
গত ২৫ এপ্রিলে নেপালে ৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পে বহু হতাহত ক্ষয়ক্ষতির পারের মাসে আবারও বড় ধরনের ভূমিকম্প হয় দেশটিতে। দুই ভূমিকম্পে নয় হাজারের বেশি মানুষের মৃত্যু হয় বলে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে।
ভূমিকম্পের কয়েক মাস পর ধসে পড়া একটি ভবনের ধ্বংসস্তূপের পাশ দিয়ে যাচ্ছেন এক নারী। ছবিটি গত ২৮ জুলাই তোলা।
এপ্রিলে ভয়াবহ ভূমিকম্পের পরপরই নেপালে চিকিৎসক, ওষুধ এবং এক লাখ মেট্রিক টন চাল পাঠানোর জন্য শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন হরি কুমার শ্রেষ্ঠা।
বর্তমানে নেপালে ওষুধের জরুরি প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন দেশটির রাষ্ট্রদূত।
বৈঠকে প্রধানমন্ত্রীর উপদেষ্টা গওহর রিজভী ও মুখ্য সচিব আবুল কালাম আজাদ উপস্থিত ছিলেন।
