গাজীপুরে ব্যস্ততায় রানি ম্যাক্সিমা
বাংলাদেশ সফরের দ্বিতীয় দিনে গাজীপুরে পোশাক কারখানা, একটি বাড়ি একটি খামার প্রকল্প ও ডিজিটাল সার্ভার সেন্টার পরিদর্শনে ব্যস্ত সময় কাটিয়েছেন নেদারল্যান্ডসের রানি ম্যাক্সিমা।
টঙ্গী থানার পরিদর্শক মো. আমিনুল ইসলাম জানান, সকাল সাড়ে ৮টার দিকে টঙ্গীর গাজীপুরা এলাকায় ভিয়েলা টেক্স পোশাক কারখানা পরিদর্শন করেন রানি ম্যাক্সিমা।
তিনি কারখানার কর্ম পরিবেশ দেখার পাশাপাশি শ্রমিকদের সঙ্গেও কথা বলেন।
গাজীপুরের জেলা প্রশাসক এসএম আলম, পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশিদ, ব্র্যাকের চেয়ারপারসন স্যার ফজলে হাসান আবেদ এসময় উপস্থিত ছিলেন।
রানি ম্যাক্সিমা মোবাইল ফোনে অর্থ লেনদেনকারী প্রতিষ্ঠান বিকাশের সেবা নিয়েও শ্রমিকদের সঙ্গে কথা বলেন।
সেখানে তিনি রাজাবাড়ি ইউনিয়ন পরিষদের ডিজিটাল সার্ভার সেন্টার ও ‘একটি বাড়ি একটি খামার প্রকল্প’ পরিদর্শন করেন।
এসময় ওই প্রকল্প রূপকার অ্যাডভোকেট রহমত আলীও উপস্থিত ছিলেন।
পরে তিনি টঙ্গীর দত্তপাড়ায় বুটিক হাউস ঝর্ণা ফেব্রিক্সের কারখানা পরিদর্শন করেন।
জাতিসংঘ মহাসচিব বান কি মুনের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে আর্থিক প্রক্রিয়ায় সব মানুষের অন্তর্ভুক্তি নিশ্চিত করার ক্ষেত্রে সচেতনতা বাড়ানোর বৈশ্বিক উদ্যোগের অংশ হিসেবে তিন দিনের সফরে সোমবার ঢাকায় পৌঁছান ডাচ রানি।
নেদারল্যান্ডসের রানি জাতিসংঘের হয়ে এই দায়িত্ব পালন করে আসছেন ২০০৯ সাল থেকে। তিনি জি টোয়েন্টি গ্লোবাল পার্টনারশিপেরও একজন অনারারি পেট্রন।
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সঙ্গে সাক্ষাতের কথা রয়েছে রানির।
এছাড়া তিনি বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান, সরকারি কর্মকর্তা, উন্নয়ন অংশীদার, নাগরিক সমাজ ও বেসরকারি খাতের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করা ছাড়াও ব্যাংক ও ক্ষুদ্রঋণের সঙ্গে সম্পৃক্তদের সঙ্গে কথা বলবেন।
বুধবার বিকালে সংবাদ সম্মেলন করে রানি ম্যাক্সিমার সফরের বিভিন্ন দিক তুলে ধরবে ইউএনডিপি। ওইদিন রাতেই ঢাকা ছাড়বেন ম্যাক্সিমা।
