২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

নির্দোষ কেউ গ্রেপ্তার হচ্ছে না: আইজিপি

বিএনপি গণগ্রেপ্তারের অভিযোগ করলেও তা উড়িয়ে দিয়ে পুলিশ প্রধান এ কে এম শহীদুল হক বলেছেন, নির্দোষ কাউকে গ্রেপ্তার করা হচ্ছে না।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Nov 2015, 12:17 AM

Updated : 22 Aug 2022, 01:57 PM

তল্লাশি চৌকিতে পুলিশ হত্যা এবং যুদ্ধাপরাধী সাবেক দুই মন্ত্রীর আইনি লড়াইয়ের চূড়ান্ত নিষ্পত্তির আগে বিভিন্ন জেলায় পুলিশের গ্রেপ্তার অভিযান চলছে।

এই অভিযানে গ্রেপ্তার অধিকাংশই বিএনপি-জামায়াতের নেতা-কর্মী। সে দিকে ইঙ্গিত করে বিএনপি নেতারা বলছেন, বিরুদ্ধমত দমনে সরকার গণগ্রেপ্তার চালাচ্ছে।

‘গণগ্রেপ্তারের’ অভিযোগ নিয়ে সাংবাদিকদের প্রশ্নে পুলিশ মহাপরিদর্শক সোমবার বলেন, “যার কোনো ক্রিমিনাল রেকর্ড নাই, এমন ব্যক্তিকে তো গ্রেপ্তার করা হয়নি। ক্রিমিনাল রেকর্ড যাদের আছে, তাদেরকেই গ্রেপ্তার করা হচ্ছে।”

নিরীহরাও হয়রানির শিকার হচ্ছেন বলে অভিযোগ উঠছে বলে জানানো হলে তিনি বলেন, “নির্দোষ কোনো ব্যক্তিকে গ্রেপ্তার করা হবে, এটা আমরা মেনে নেব না। নির্দোষ ব্যক্তিকে গ্রেপ্তারের নির্দেশনা নেই।”

নির্দোষ কেউ গ্রেপ্তার হয়ে থাকলে তা তদন্ত করার আশ্বাসও দেন পুলিশ প্রধান।

দুপুরে পুলিশ সদর দপ্তরে গত তিন মাসের সড়ক দুর্ঘটনা এবং দুর্বৃত্তের হামলায় নিহত ১৪ জন পুলিশ সদস্যের পরিবারকে অনুদান প্রদান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

তার এই বক্তব্যের দিনই বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি খন্দকার মাহবুব হোসেন এক সংবাদ সম্মেলনে গণগ্রেপ্তারের অভিযোগ আনেন।

গত কিছু দিনে ১২ হাজারের বেশি নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে দাবি করে তিনি বলেন, “রাজনৈতিক বিরোধী পক্ষকে নিয়ন্ত্রণ করার জন্যই সম্ভবত সরকার এটা করছে। আইন অনুসরণ না করে সরকার গণগ্রেপ্তার চালাচ্ছে।”

চলমান গ্রেপ্তার অভিযানকে ‘রুটিন’ কাজ দাবি করে আইজিপি বলেন, “যারা অতীতে অপরাধের সঙ্গে সম্পৃক্ত ছিলেন, বিভিন্ন ধরনের নাশকতার সঙ্গে সম্পৃক্ত ছিলেন অথবা ষড়যন্ত্রে লিপ্ত ছিলেন, তারা জামিনে বের হয়ে নাশকতার তৎপরতা অব্যাহত রেখেছে বলে গোয়েন্দা প্রতিবেদন আছে। তাদেরকে গ্রেপ্তারের নির্দেশ আছে।”

কনস্টেবল ও এএসআই  হত্যা, বিদেশি হত্যার পর পুলিশ সদস্যদের আরও সতর্কতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া্ হয়েছে বলে জানান তিনি। 

পুলিশের মনোবল দুর্বল করতে আতঙ্ক ছড়ানো হচ্ছে বলেও মনে করেন শহীদুল হক।

বিশিষ্ট ব্যক্তিদের হুমকির বিষয়ে তিনি বলেন, “তাদেরকে নিরাপত্তা বলয়ের মধ্যে আনা হয়েছে। তাদের সঙ্গে পুলিশের সার্বক্ষণিক যোগাযোগ আছে।”