বিসিএসে প্রতিবন্ধীদের কোটা পূরণ না করা নিয়ে প্রশ্ন হাই কোর্টের
৩৪ তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ প্রতিবন্ধী প্রার্থীদের এক শতাংশ কোটার ভিত্তিতে ক্যাডার পদে নিয়োগের জন্য কেন সুপারিশ করা হবে না, তা জানতে চেয়ে রুল দিয়েছে হাই কোর্ট।
বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের বেঞ্চ এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে সোমবার এ রুল দেয়।
৩৪ তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ ও ননক্যাডার তালিকায় থাকা পাঁচ প্রতিবন্ধী প্রার্থী গত সপ্তাহে রিট আবেদনটি করেন, যার ওপর শুনানির পর এ রুল আসে।
সরকারি কর্ম কমিশনের চেয়ারম্যান ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিবকে চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।
আবেদনকারীদের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার শফিকুল ইসলাম। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যার্টনি জেনারেল অমিত তালুকদার।
ব্যারিস্টার শফিকুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, জনপ্রাসাশন মন্ত্রণালয়ের এক আদেশে বিসিএস ক্যাডার-ননক্যাডারসহ অন্যান্য স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে প্রতিবন্ধীদের জন্য এক শতাংশ কোটার কথা বলা হয়েছে। শুধু তাই নয় নির্ধারিত অন্যান্য কোটা যদি ফাঁকা থাকে তাহলে ওই প্রতিবন্ধীদের মধ্য থেকে নিয়ে এক শতাংশ পূরণের কথা বলা হয়েছে।
“৩৪তম বিসিএসএসের দুই হাজারের উপরে প্রার্থীকে নিয়োগের সুপারিশ করে পিএসসি। তবে দেখা যায় এতে মাত্র তিনজন প্রতিবন্ধীকে ক্যাডার পদে নিয়োগের জন্য সুপারিশ করা হয়েছে।”
সে কারণে প্রতিবন্ধীদের জন্য নির্ধারিত ওই এক শতাংশ কোটা পূরণ না করে ননক্যাডার তালিকায় থাকা পাঁচ প্রতিবন্ধী রিট আবেদনটি করেন।
