২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

সিম কার্ডে ১ শতাংশ সারচার্জ আরোপে বিল পাস

মোবাইল ফোনের সিম, রিম ও মেমোরি কার্ডের ব্যবহারের ওপর ১ শতাংশ হারে সারচার্জ আরোপের বিধান রেখে সংসদে বিল পাস হয়েছে।

সংসদ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Nov 2015, 01:11 AM

Updated : 22 Aug 2022, 01:56 PM

রোববার জাতীয় সংসদে ‘উন্নয়ন সারচার্জ ও লেভি (আরোপ ও আদায়) বিল- ২০১৫’ পাসের প্রস্তাব করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। পরে বিলটি কণ্ঠভোটে পাস হয়।

গত ১ সেপ্টেম্বর বিলটি সংসদে উত্থাপন করেন অর্থমন্ত্রী। পরে বিলটি পরীক্ষা করে সংসদে প্রতিবেদন দেওয়ার জন্য অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়।

গত মার্চ মাসে বিলটি মন্ত্রিসভার অনুমোদন পায়।

মোবাইল কোম্পানিগুলো গ্রাহকদের কাছ থেকে যে বিল নিচ্ছে তার সঙ্গে এই ১ শতাংশ সারচার্জ যোগ হবে।

সরকার মোবাইল অপারেটরদের কাছ থেকে এই সারচার্জ আদায় করবে। মোবাইল ফোনে যত ধরনের সেবা রয়েছে, তার সবগুলোর ওপরই এই সারচার্জ প্রযোজ্য হবে।

বিলে বলা আছে, সরকার মোবাইল অপরেটর কর্তৃক সিম বা রিম কার্ড ব্যবহারের মাধ্যমে প্রদত্ত সেবার বিনিময়ে প্রাপ্ত সমুদয় অর্থ বা আয়ের ওপর ১ শতাংশ হারে সারচার্জ আদায় করবে।

সংসদে উত্থাপিত বিলে সিম ও রিম কার্ডের ওপর সার চার্জের কথা থাকলেও জাতীয় পার্টির সংসদ সদস্য  ফখরুল ইমাম মেমোরি কার্ডের ব্যবহারের ওপর সারচার্জ আরোপের প্রস্তাব দিলে তা গ্রহণ করা হয়।

তবে মেমোরি কার্ডের ওপর আরোপ করা সারচার্জ কীভাবে আদায় করা হবে সে বিষয়ে বিলে কিছুই বলা হয়নি। অর্থমন্ত্রীও সংসদে সে বিষয়ে কিছু বলেননি।

সুনির্দিষ্ট কোনো খাতে জনগণের কাছ থেকে অর্থ তুলতে সারচার্জ আরোপ করে সরকার।

বিলের উদ্দেশ্য ও কারণ সম্পর্কে অর্থমন্ত্রী বলেন, “২০১৪-১৫ সালের বাজেট অধিবেশনে মাননীয় প্রধানমন্ত্রী মহান জাতীয় সংসদে প্রদত্ত বক্তৃতায় মোবাইল ফোন ব্যবহারের ক্ষেত্রে একটি সার চার্জ আরোপপূর্বক উক্ত সারচার্জের মাধ্যমে প্রাপ্ত অর্থ শিক্ষা উন্নয়ন খাতে ব্যয় করার স্বপক্ষে সদয় অভিমত ব্যক্ত করেন।”

“বিষয়টি পর্যালোচনায় দেখা যায়, মোবাইল ফোন ব্যবহারকারীগণ যে সকল সেব গ্রহণ করেন তার মূল্যের উপর মাত্র ১ শতাংশ সারচার্জ আরোপ করা হলে তা কারো জন্য অধিক করভার হিসেবে বিবেচিত হবে না। মোবাইল কলচার্জ ও অন্যান্য সেবার উপর ১ শতাংশ হারে উন্নয়ন সারচার্জ আরোপ করা হলে বছরে প্রায় ১৪০ কোটি টাকা সারচার্জ আদায় করা সম্ভব হবে, যা শিক্ষা ও স্বাস্থ্য উন্নয়নে ব্যয় করা হবে।”