২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নিরাপত্তা জোরদার: সংসদে ঢোকার সময় পরিচয়পত্র ঝোলাতে হবে এমপিদের

সংসদ ভবনে ঢোকার সময়ে সংসদ সদস্যদের পরিচয় পত্র গলায় ঝোলানোর নির্দেশনা দেওয়া হয়েছে। প্রধান হুইপ ও হুইপরা এ বিষয়ে সংসদ সদস্যদের নির্দেশনা দিয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Nov 2015, 01:09 AM

Updated : 22 Aug 2022, 01:56 PM

জাতীয় সংসদের প্রধান হুইপ আ স ম ফিরোজ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এই তথ্য জানিয়েছেন।

প্রধান হুইপ বলেন, “সংসদ ভবনে প্রতিদিন যে হারে মানুষ ঢুকছে আর বের হচ্ছে, তাতে কে সংসদ সদস্য, কে সংসদ সদস্য নয়, তা নির্ধারণ করা কঠিন হয়ে পড়েছে। অনেক বহিরাগত মুজিবকোট পরে ভাবসাব নিয়ে সংসদে ঢুকে যাচ্ছেন। সংসদ সদস্য ভেবে নিরাপত্তা বাহিনী ভয়ে তাদের কিছু বলে না।

“আবার অনেক সময় নিরাপত্তা বাহিনী ‘আপনি কে’ বলে সংসদ সদস্যকেও আটকে দিচ্ছেন। সংসদ সদস্য বলেন ‘হ্যাঁ, আমাকে চেন না! আমি এমপি’। এ নিয়ে আমাদের মাঝেমধ্যেই বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হয়। সে জন্য সবাইকে গলায় পরিচয়পত্র ঝুলাতে বলা হয়েছে।”  

মূল ভবনে প্রবেশের সময় সংসদ সদস্যর আর অন্যান্যরা ভিন্ন ভিন্ন পথ দিয়ে ঢোকেন।

সংসদ সচিবালয়ের নিরাপত্তা শাখার এক কর্মকর্তা জানান, সংসদের নিরাপত্তা শাখা নবম সংসদ থেকেই সংসদ সদস্যদের গলায় পরিচয়পত্র ঝুলানোর পরামর্শ দিয়ে আসছিল। কিন্তু সংসদ সদস্যরা তাতে রাজি হচ্ছিলেন না। অনেকেই পরিচয়পত্র ঝোলানোকে তাদের মর্যাদার জন্য হানিকর বলে মনে করেন। সে জন্য নিরাপত্তা শাখার প্রস্তাবটি বাস্তবায়ন করা সম্ভব হয়নি।

ওই কর্মকর্তা জানান, সম্প্রতি দেশব্যাপী সন্ত্রাসীদের নাশকতামূলক কর্মকাণ্ড এবং শুক্রবার ফ্রান্সে সন্ত্রাসী হামলার ঘটনার পরিপ্রেক্ষিতে জরুরিভিত্তিতে সংসদের নিরাপত্তা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Image
ফাইল ছবি

ফাইল ছবি

বুধবার সংসদ ভবনের ড্রাইভওয়েতে কুকুরসহ পাহারা দিতে দেখা যায় র‌্যাব সদস্যদের। এর আগে ওই স্থানে কুকুরসহ পাহারা ছিল না। সংসদের নিরাপত্তায় নিয়োজিত তিন বাহিনীর সদস্যদের সমন্বয়ে সার্জেন্ট অ্যাট আমর্সের বাহিনী এখানে প্রহরা দিয়ে আসছিল।

এছাড়া অধিবেশন চলাকালে সংসদ ভবনের নিরাপত্তার বাড়াতে অতিরিক্ত বাহিনী হিসেবে বুধবার বিকেল থেকে অতিরিক্ত ৪০ জন আর্মড পুলিশ ব্যাটালিয়ন সদস্য (এপিবিএন) মোতায়েন করা হয়েছে।

২৩ নভেম্বর সংসদ অধিবেশন শেষ হওয়ার কথা রয়েছে। সে জন্য এপিবিএন ২৪ নভেম্বর পর্যন্ত সংসদ ভবন এলাকায় দায়িত্ব পালন করবেন। মেম্বারস’ ক্লাবে তাদের থাকার ব্যবস্থা করা হয়েছে।

এর আগে নবম সংসদের ‘সংসদ কমিটি’ সংসদ ভবনের নিরাপত্তার জন্য পৃথক বাহিনী গঠনের প্রস্তাব করেছিল। তবে এখন পর্যন্ত তা কার্যকর হয়নি।

মুক্তমনা ব্লগার-লেখক-প্রকাশকদের ওপর হামলার পরিপ্রেক্ষিতে গত ১১ নভেম্বর সংসদে অনির্ধারিত আলোচনায় জাতীয় পার্টির কাজী ফিরোজ রশীদও সংসদ ভবনের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তোলেন।

সংসদ সচিবালয়ের নিরাপত্তা শাখার অপর এক কর্মকর্তা জানান,শিগগিরই সংসদ ভবনের মূল ফটকে পরিচয়পত্র শনাক্তকরণ মেশিন (পাঞ্চিং মেশিন) বসানো হবে। এই মেশির বসানোর পর সংসদ সদস্যদের পরিচয়পত্র মেশিনে ঢুকিয়ে সংসদে ঢুকতে হবে।

এ বিষয়ে আ স ম ফিরোজ বলেন, “এ ছাড়া কোনো উপায় নেই। পাঞ্চিং মেশিন চালু হলে এমপি সাহেবের পিছু পিছু অবাঞ্ছিত লোক সংসদ ভবনে ঢুকতে পারবে না। একই সঙ্গে সহজে সংসদ সদস্যদের উপস্থিতিও নিশ্চিত করা যাবে। হাজিরা বই ব্যহারের দরকার হবে না।”