২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকা মেডিকেলের কোয়ার্টার থেকে চিকিৎসকের লাশ উদ্ধার

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) চিকিৎসকদের কোয়ার্টার থেকে এক নারী চিকিৎসকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Nov 2015, 12:08 AM

Updated : 25 Apr 2022, 02:09 PM

শনিবার রাতে হাসপাতালের বার্ন ইউনিট সংলগ্ন কোয়ার্টারের একটি কক্ষ থেকে তানজিলা জাহান মিথিলার (২৭) ঝুলন্ত লাশ উদ্ধার করা হয় বলে পুলিশ জানিয়েছে।

তানজিলা ২০১৪ সালে বাংলাদেশ মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাস করেন এবং তার স্বামী ডা. মিজানুর রহমান ঢাকা মেডিকেলের মেডিসিন বিভাগের একটি ওয়ার্ডের সহকারী রেজিস্ট্রার বলে শাহবাগ থানার এসআই আব্দুল মান্নান জানিয়েছেন।

বছর দেড়েক আগে তাদের বিয়ে হয়েছিল জানিয়ে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ঢাকা মেডিকেলের ওই কোয়ার্টারের দুটি কক্ষে থাকতেন এই দম্পতি।

রাত ১০টার দিকে কোয়ার্টারের এ/৪ নম্বর কক্ষে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তানজিলার লাশ পাওয়া যায় বলে মেডিকেল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোজাম্মেল হক জানিয়েছেন।

তার গলায় নাইলনের দড়ি পেঁচানো ছিল বলে ঘটনাস্থল থেকে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল প্রতিনিধি জানান।

এসআই মান্নান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ওই চিকিৎসক আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।”

তিনি বলেন. তানজিলার বাবা আনসার বাহিনীতে কর্মরত। মেয়ের মৃত্যুর খবর শুনে কর্মস্থল কুমিল্লা থেকে রওনা হয়েছেন।