গয়েশ্বরের জামিন, মুক্তিতে ‘বাধা নেই’
বিস্ফোরক আইনের এক মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় হাই কোর্ট থেকে জামিন পেয়েছেন।
বিচারপতি মো. রেজাউল হক ও বিচারপতি মো. খসরুজ্জামানের বেঞ্চ রোববার গয়েশ্বরের আবেদন শুনে এ আদেশ দেয়।
এর ফলে এই বিএনপি নেতার মুক্তিতে আইনগত কোনো বাধা নেই বলে জানিয়েছেন তার আইনজীবী নিতাই রায় চৌধুরী।
মামলার বিবরণে জানা যায়, ২০১৩ সালের ৩০ ডিসেম্বর রামপুরা থানায় মামলাটি করে পুলিশ। মামলায় গত বছরের ৭ মে হাই কোর্ট থেকে জামিন পান তিনি। পরে তিনি কারামুক্তি পান। তবে তখনও অভিযোগপত্র দাখিল হয়নি।
এ বছরের ২০ মার্চ অভিযোগপত্র দাখিল করা হয়। মামলায় ৩ নভেম্বর বিচারিক আদালতে তার হাজিরার দিন ছিল। সেদিন তিনি হাজির হতে পারেনি। পরদিন ৪ নভেম্বর আদালতে হাজির হয়ে জামিন চাইলে নিম্ন আদালত তা নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠায়।
এ আদেশের বিরুদ্ধে গয়েশ্বর হাই কোর্টে আপিল করেন, যার ওপর শুনানি শেষে রোববার জামিন দিয়েছে আদালত।
আদালতে গয়েশ্বর চন্দ্রের পক্ষে শুনানিতে নিতায় রায় চৌধুরীর সঙ্গে ছিলেন মিথুন রায় চৌধুরী। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যার্টনি জেনারেল ফজলুর রহমান খান।
পরে নিতাই রায় চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ”হাই কোর্ট আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত গয়েশ্বর চন্দ্র রায়ের জামিন মঞ্জুর করেছেন। এ নিয়ে ২৭টি মামলার সবকটিতেই তিনি জামিন পেলেন। ফলে তার কারামুক্তিতে আইনগত বাধা নেই।”
