চোরাই পণ্য নিয়ে ডিবির ‘সমঝোতা’
রাজধানীর মোহাম্মদপুর থেকে বিপুল পরিমাণ চোরাই গার্মেন্ট সামগ্রী উদ্ধার এবং এক পরিবারের চারজনসহ পাঁচজনকে গত বৃহস্পতিবার গ্রেপ্তার করা হলেও শনিবার দুপুর পর্যন্ত তাদেরকে আদালতে সোপর্দ না করার অভিযোগ পাওয়া গেছে।
গ্রেপ্তারকৃতদের আত্মীয়-স্বজন বলছেন, বিষয়টি নিয়ে গোয়েন্দা পুলিশের সঙ্গে তাদের ‘সমঝোতা’ চলছে।
খোঁজ নিয়ে জানা গেছে, গত বৃহস্পতিবার রাতে গোয়েন্দা পুলিশের একটি দল মোহাম্মদপুর থানা এলাকার জহুরী মহল্লার ২৫/৪-এ নম্বর বাসার দোতলায় অভিযান চালিয়ে সালাম মাতব্বর, তার মেয়ে-জামাই তুহিন,দুই ছেলে আলামীন ও মাসুদ এবং কর্মচারী বেল্লালকে গ্রেপ্তার করে।
একইসঙ্গে এই বাসা থেকে বিপুল পরিমাণ গার্মেন্ট সামগ্রী উদ্ধার করা হয়।
ভবনের দারোয়ান সোলায়মান শনিবার সকালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দোতালায় দুটি ইউনিটের একটিতে সালাম মাতব্বর তার পরিবার নিয়ে থাকেন। পাশের ফ্লাটে মেয়ে-জামাই তুহিন তার পরিবার নিয়ে থাকেন।
গত ২১ অক্টোবর রাত ১টার দিকে বাসার সামনে একটি কভার্ড ভ্যান থামে এবং খুব দ্রুততার সঙ্গে অনেকগুলো কার্টন নামানো হয়। তুহিন মালামাল উঠানামার তদারকি করছিলেন।
সোলায়মান জানান, বৃহস্পতিবার গভীররাতে হঠাৎ পুলিশের একটি দল এসে পাঁচ জনকে ধরে এবং ২১ আক্টোবর যেসব মালামাল বাসায় নেওয়া হয় সেগুলো নিয়ে চলে যায়।
এসব প্রসঙ্গে কথা বলতে শনিবার সকালে ওই বাসায় গেলে কেউ কথা বলতে চাননি।
বাসায় থাকা দূর সম্পর্কের এক নারী আত্মীয় বলেন, “সবাই গোয়েন্দা পুলিশ অফিসে গেছে।”
বেলা ১২টার দিকে গোয়েন্দা পুলিশ অফিসের সামনে ওই পরিবারের কয়েকজনকে বসে থাকতে দেখা যায়। তাদের একজন তুহিনের স্ত্রী। তিনি এ ব্যাপারে কোনো কথা বলতে অস্বীকৃতি জানান। তবে তিনি তাদের এক আত্মীয় আওলাদ হোসেনের সঙ্গে পরিচয় করিয়ে দেন।
আওলাদ হোসেন নিজেকে প্রজন্ম লীগ এবং স্বেচ্ছাসেবক লীগের নেতা দাবি করেন।
এসময় তিনি গোয়েন্দা পুলিশের অন্য এক বিভাগের এক পদস্থ কর্মকর্তার সামনেই বলেন, "যাদের গোয়েন্দা কার্যালয়ে ধরে আনা হয়েছে, তাদের ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করছি। মিটমাট হয়ে যাচ্ছে।"
এ বিষয়ে তাদের আইনজীবী সুমন ও আত্মীয় মনির গোয়েন্দা পুলিশের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করছেন জানিয়ে আওলাদ বলেন, ”গার্মেন্ট সামগ্রীগুলো চট্টগ্রামের এক ব্যবসায়ীর। যতটুকু জানি ব্যবসায়ী তার মাল বুঝে নিয়ে গেছেন।”
মনিরের সঙ্গে ফোনে যোগাযোগ করা হলে তিনি প্রথমে বিষয়টি অস্বীকার করেন। পরে বলেন, “না। মানে; আমি গ্রেপ্তারকৃত একজন অসু্স্থ থাকায় তাকে ওষুধ দেওয়ার জন্য গোয়েন্দা অফিসে গিয়েছিলাম।”
এ বিষয়ে মোহাম্মদপুর থানার ওসি জামাল হোসেন মীর জানান, অভিযানের সময় গোয়েন্দা পুলিশ থানার সহায়তা চেয়েছিল, দেওয়া হয়েছে। এ বিষয়ে আর কিছু জানা নেই।
গোয়েন্দা পুলিশের উপ কমিশনার (মিডিয়া) মুনতাসিরুল ইসলাম জানান, গোয়েন্দা পুলিশে কোনো টিম এই ঘটনা ঘটিয়েছে বলে তার জানা নেই।
এসময় তিনি এ বিষয়ে বেশ কয়েকবার চেষ্টা করেও জানতে না পেরে বলেন,কোন টিম ধরেছে তা জেনে জানানো হবে।
মোহাম্মদপুরসহ আশেপাশের এলাকার দায়িত্বে থাকা গোয়েন্দা পুলিশের উপ কমিশনার (পশ্চিম) সাজ্জাদুর রহমান জানান, তার অধীন কোনো টিম তাদের ধরেনি। কারা ধরেছে তাও তার জানা নেই।
