শিশুদের বই প্রকাশে ইগনাইট
পাঠ্য বইয়ের পাশাপাশি শিশুদের জন্য শিক্ষামূলক বই প্রকাশ শুরু করেছে ইগনাইট পাবলিকেশনস।
অ্যাসেন্ট গ্রুপের এ সহযোগী প্রতিষ্ঠানটি এতদিন আরেক সহযোগী প্রতিষ্ঠান স্কলাসটিকা স্কুলের জন্য পাঠ্য বই প্রকাশ করত।
শনিবার কারওরান বাজারে হোটেল লা ভিঞ্চিতে প্রতিষ্ঠানটির আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন উপ-ব্যবস্থাপনা পরিচালক সৈয়দা মাদিহা মুরশেদ।
উদ্বোধনী অনুষ্ঠানে মাদিহা বলেন, “বাংলাদেশে শিশুদের জন্য উন্নতমানের বইয়ের চাহিদা রয়েছে। আমাদের প্রকাশনার মাধ্যমে সেই চাহিদা পূরণের চেষ্টা করব।
“আমরা মনে করি, শিশুদের খেলার ছলে শিক্ষা দেওয়া প্রয়োজন। এজন্যই আমাদের বইগুলো এমন হবে যা শিশুরা পছন্দ করবে এবং শিক্ষার্জনের প্রতি তাদের ভালোবাসা জন্মাবে।”
ইগনাইটের পাঠ্যপুস্তক উন্নয়ন বিভাগের প্রধান সোফিয়া জালাল বলেন, “আমাদের দেশে ভালো বই যেগুলো পাওয়া যায়, তার সবই দেশের বাহিরে থেকে আনা। এই বইগুলোতে বাংলাদেশের সমাজ, সংস্কৃতি, ভাষা সম্বন্ধে খুব একটা ধারণা পাওয়া যায় না। আমাদের বইগুলো এ বিষয়ে অত্যন্ত সচেতন এবং বাংলাদেশের বিভিন্ন বিষয় মাথায় রেখে লেখা।”
প্রতিষ্ঠানটির কর্মকর্তারা জানান, পাঠ্যপুস্তকের পাশাপাশি বাংলা ও ইংরেজি দুই ভাষাতেই ইংরেজি, গণিত, গল্পগ্রন্থ, অনুশীলন বই প্রকাশ করা হবে।
পাঠকদের বয়সের ভিত্তিতে তিনটি শ্রেণিতে ভাগ করা হয়েছে। শূন্য থেকে তিন, চার থেকে বারো এবং ১৩ থেকে ১৯ বছর বয়সীদের জন্য বই প্রকাশ করবে প্রতিষ্ঠানটি।
