২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রতিবন্ধীদের অভিনয়ে মঞ্চে আসছে ‘রোমিও-জুলিয়েট’

উইলিয়াম শেক্সপিয়ারের চারশতম মৃত্যুবার্ষিকী উপলক্ষে প্রতিবন্ধী তরুণ শিল্পীদের অভিনয়ে ঢাকার মঞ্চে আসছে ‘রোমিও-জুলিয়েট’ নাটক।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Nov 2015, 12:26 AM

Updated : 22 Aug 2022, 01:54 PM

বৃহস্পতিবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ব্রিটিশ কাউন্সিলে এক সংবাদ সম্মেলনে জানানো হয়, আগামী ২৬ মার্চ শিল্পকলা একাডেমিতে নাটকটি মঞ্চস্থ হবে। যৌথ প্রযোজনায় থাকছে যুক্তরাজ্যের গ্রেয়াই থিয়েটার ও ঢাকা থিয়েটার।

‘শেক্সপিয়ার লিভস ইন ঢাকা-অ্যা ডিফারেন্ট রোমিও-জুলিয়েট’ শিরোনামে ব্রিটিশ কাউন্সিলের উদ্যোগে এই আয়োজনে গ্রেয়াই থিয়েটারের শিল্প পরিচালক জেনি সিলি ও ঢাকা থিয়েটারের পরিচালক নাসির উদ্দিন ইউসুফ নাটকের নির্দেশনায় থাকছেন।

সংবাদ সম্মেলনে নাসির উদ্দিন ইউসুফ বলেন, “ব্রিটিশ কাউন্সিল ২০১৩ সালে এই উদ্যোগের সূচনা করেছিল। সেখান থেকে প্রতিবন্ধীদের বাছাই করে ইতোমধ্যে তাদেরকে কর্মশালায় প্রশিক্ষিত করা হয়। তাদের মধ্যে ১৭ জনকে অভিনয়ের জন্য নির্বাচন করা হয়।

“শারীরিক ও শ্রবণ প্রতিবন্ধীদের মঞ্চে অভিনয়ের জন্য রাখা হয়েছে। আর চারজন দৃষ্টি প্রতিবন্ধী থাকছেন মিউজিকে।”

তিনি বলেন, “দৃষ্টি প্রতিবন্ধীদের চলাফেরা এক রকম, শ্রবণ প্রতিবন্ধীদের আচার-আচরণ এক রকম এবং শারীরিক প্রতিবন্ধীদের চলাফেরাও ভিন্ন রকম; তাদের সমন্বয় করে একটি থিয়েটার ল্যাংগুয়েজ দাঁড়াতে পারে সেটা তাদের নিয়ে এই কর্মশালা করার আগে আমার জানা ছিল না।”

গ্রেয়াই থিয়েটারের জেনি সিলি বলেন, “নাট্যাঙ্গণে আমার দীর্ঘদিনের পথচলায় একটি পদক্ষেপ এবারের প্রযোজনা। তাদের মধ্য থেকে চমৎকার ও দক্ষ পারফর্মার আমরা পেয়েছি, এটা ছিল অবিশ্বাস্য।”

অভিনেতা শারীরিক প্রতিবন্ধী সজল বলেন, “এই কাজের আগে আমি ভাবতে পারিনি, এমন একটা কাজ আমি করতে পারব। আমাদের মধ্যে অনেকের অনেক প্রতিভা আছে, সেটা এর মাধ্যমে বিকশিত হয়েছে। সবার সঙ্গে সবার একটা যোগাযোগও তৈরি হয়েছে।”

আয়োজকরা জানান, সেন্টার ফর দ্য রিহ্যাবিলিটেশন ফর দ্য প্যারালাইজড (সিআরপি), ব্র্যাক, বাংলাদেশ রিফর্ম ইনিশিয়েটিভ ফর ডেভেলপমেন্ট, গভর্নেন্স অ্যান্ড এমপাওয়ারমেন্ট(ব্রিজ) এবং গ্রাম থিয়েটার থেকে প্রতিবন্ধী শিল্পীদের বাছাই করা হয়।

ঢাকা থিয়েটার ও জেনি সিলি আলাদাভাবে দুইবছর কর্মশালা পরিচালনা করেন। তাদের ইশারা ভাষায় প্রশিক্ষক ছিলেন জেনি হারপার।

সংবাদ সম্মেলনে ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের পরিচালক বারবারা উইকহামও বক্তব্য রাখেন। ব্রিটিশ কাউন্সিলের হেড অব আর্টস ঈশিতা আজাদও সেখানে উপস্থিত ছিলেন।