২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রকল্প স্থগিত করলে মন্ত্রীর সঙ্গে রামপালে যাবে তেল-গ্যাস কমিটি

জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের আমন্ত্রণে রামপাল বিদ্যুৎ প্রকল্প এলাকা পরিদর্শনে যেতে দুটি শর্ত দিয়েছে এই প্রকল্প বন্ধের দাবিতে আন্দোলন চালিয়ে আসা তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Nov 2015, 07:25 PM

Updated : 12 Oct 2022, 04:26 PM

প্রথমত সুন্দরবন সংলগ্ন কয়লাভিত্তিক এই বিদ্যুৎ প্রকল্প এবং খুলনায় ওরিয়নের বিদ্যুৎ প্রকল্প স্থগিত করতে হবে। দ্বিতীয়ত সুন্দরবন রক্ষার দাবিতে আন্দোলনরতদের দমনপীড়ন বন্ধ করতে হবে।

বৃহস্পতিবার বাংলাদেশের কমিউনিস্ট পার্টি-সিপিবির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে আমন্ত্রণ জানানোর জন্য বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রীকে ধন্যবাদ জানান জাতীয় কমিটির সদস্য সচিব আনু মুহাম্মদ।

 তিনি বলেন, “প্রকল্পে সুন্দরবনের ওপর প্রভাব জানতে বিশেষজ্ঞদের সাথে যোগাযোগ করে আমরা বহুবার রামপাল এলাকায় গিয়েছি। এর মধ্যে কয়েকবার পুলিশ ও সরকারি দলের সন্ত্রাসীদের হামলার শিকার হই।”

এছাড়া ২০১৩ সালে মন্ত্রণালয়ের ডাকে সাড়া দিয়ে  রামপাল বিদ্যুৎ প্রকল্পের পরিবেশগত প্রভাব নিরুপণ বা ইআইএ নিয়ে গণশুনানিতে অন্য বিশেষজ্ঞ ও পরিবেশবাদীদের সঙ্গে জাতীয় কমিটির প্রতিনিধিরাও ছিলেন বলে আনু মুহাম্মদ জানান।

“সেখানে সরকারি প্রতিনিধি বাদে উপস্থিত সকল বিশেষজ্ঞই ইআইএ প্রত্যাখ্যান করেন এবং রামপাল কয়লা বিদ্যুৎ কেন্দ্র বাতিল করার আহ্বান জানান।”

ওই শুনানির এর এক সপ্তাহের মাথায় প্রকল্প বাস্তবায়নে ভারতের এনটিপিসির সঙ্গে চুক্তির কথা তুলে ধরে তিনি বলেন, “এই ঘটনায় স্পষ্ট হয় ওই গণশুনানি ছিল একেবারেই লোক দেখানো এবং প্রতারণামূলক।”

এবার মন্ত্রণালয়ের আমন্ত্রণ গ্রহণের আগে প্রকল্প স্থগিতের দাবি জানিয়ে তিনি বলেন, “আমাদের সিদ্ধান্ত, রামপাল ও  ওরিয়ন বিদ্যুৎ প্রকল্প স্থগিত, প্রকল্পের সকল তৎপরতা এবং সুন্দরবন রক্ষার দাবিতে আন্দোলনকারীদের দমনপীড়ন বন্ধ করলে আমরা যেতে পারব।”

রামপাল প্রকল্পের বিরোধিতা করে জাতীয় কমিটির আহ্বায়ক শেখ মুহাম্মদ শহীদুল্লাহ বলেন, “দেশের বারোটা বাজিয়ে ভারতের স্বার্থ রক্ষার জন্য মরিয়া হয়ে গেছে আমাদের দেশের সরকার।

“এই প্রকল্প বাস্তবায়ন হলে সুন্দরবনের তো ক্ষতি হবেই। তাছাড়া আমরা সুবিধা পাব খুবই কম। এটা হবে ‘বানরের রুটি ভাগের’ মত।”