২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অস্ট্রেলিয়ার খেলার সময় বঙ্গবন্ধু স্টেডিয়ামে দোকান বন্ধ, গাড়িও

ঝুঁকির কারণ দেখিয়ে অস্ট্রেলিয়ার ক্রিকেট দল না এলেও ফুটবল দল আসছে বাংলাদেশে খেলতে, আর সেজন্য খোলনলচে বদলে যাচ্ছে বঙ্গবন্ধু স্টেডিয়ামের নিরাপত্তা ব্যবস্থা। 

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Nov 2015, 05:20 PM

Updated : 22 Aug 2022, 01:53 PM

আগামী ১৭ নভেম্বর বিশ্বকাপ বাছাই পর্বের এই খেলার আগে বৃহস্পতিবার এক আন্তঃমন্ত্রণালয় সভায় রাজধানীর প্রাণকেন্দ্রের এই স্টেডিয়াম এলাকায় নিরাপত্তা সংক্রান্ত কয়েকটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সিদ্ধান্তগুলো জানিয়ে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, “আগামী ১৬ ও ১৭ নভেম্বর বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম এলাকায় সব দোকানপাট এবং সব ধরনের যানবাহন চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”

এছাড়া ফিফা কর্মকর্তা, অস্ট্রেলিয়া জাতীয় ফুটবল দলের খেলোয়াড়দের বাংলাদেশে অবস্থানকালীন সার্বক্ষণিক নিরাপত্তা নিশ্চিত করার উপর সভায় গুরুত্বারোপ করা হয় বলে মন্ত্রণালয় জানিয়েছে।

বাংলাদেশে সন্ত্রাসী হামলার আশঙ্কা প্রকাশ করে গত সেপ্টেম্বরে অস্ট্রেলিয়া ক্রিকেট দল সফর স্থগিত করে দেওয়ার পর ঢাকা ও রংপুরে দুই বিদেশি খুন হলে দেশটির ফুটবল দলের আসা নিয়েও সংশয় দেখা দেয়।

কিন্তু ফিফার কর্মকর্তারা বাংলাদেশের নিরাপত্তা নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেন। এরপর ঢাকায় এসে নিরাপত্তা পরিকল্পনা দেখে সন্তুষ্টির কথা জানান ফুটবল ফেডারেশন অস্ট্রেলিয়ার (এফএফএ) দুই নিরাপত্তা কর্মকর্তা।

মঙ্গলবার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল, বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) সভাপতি কাজী সালাউদ্দিনসহ পুলিশ ও র‌্যাবের ঊর্ধ্বতন কর্তকর্তাদের সঙ্গেও বৈঠকে বসেছিলেন ফিফার নিরাপত্তা কর্মকর্তা ফন রে উইলহেলমাস।

সার্বিক পরিস্থিতি নিয়ে তিনি সন্তোষ প্রকাশ করেন বলেও জানান কর্মকর্তারা।

বৈঠকের পর বাফুফে সভাপতি বলেন, “১৭ তারিখ বিকাল ৫টায় বঙ্গবন্ধু স্টেডিয়ামে ম্যাচটি হবে এবং এ নিয়ে কোনো সন্দেহ নেই। ফিফার নিরাপত্তা কর্মকর্তাও এটা জানিয়েছেন।”

বাছাই পর্বের খেলায় গত ৩ সেপ্টেম্বর অস্ট্রেলিয়ায় মাঠে ৫-০ গোলে হেরেছিল বাংলাদেশ দল। ফিরতি পর্বের খেলায় অস্ট্রেলিয়ার খেলতে আসছে ঢাকায়।    

ঢাকায় খেলতে না এলে তিন পয়েন্ট হারানোর পাশাপাশি ফিফার শাস্তির মুখোমুখি হওয়ার ঝুঁকি থাকবে অস্ট্রেলিয়ার।

এদিকে অস্ট্রেলিয়া ক্রিকেট দল না এলেও এখন বাংলাদেশ সফর করছে জিম্বাবুয়ে। ইতোমধ্যে ওয়ানডে সিরিজও শেষ হয়েছে।

পুরনো খবর:

নির্ধারিত সময়েই বাংলাদেশ-অস্ট্রেলিয়া ম্যাচ