নির্ধারিত সময়েই বাংলাদেশ-অস্ট্রেলিয়া ম্যাচ
বিশ্বকাপ বাছাইয়ের বাংলাদেশ-অস্ট্রেলিয়া ম্যাচের নিরাপত্তা পরিকল্পনা দেখে সন্তুষ্টির কথা জানালেন ফিফার নিরাপত্তা কর্মকর্তা ফন রে উইলহেলমাস। ১৭ নভেম্বর নির্ধারিত সময়েই বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ম্যাচটি গড়াবে বলে বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে (বাফুফে) জানিয়েছেন তিনি।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে মন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) সভাপতি কাজী সালাউদ্দিনসহ পুলিশ ও র্যাবের ঊর্ধতন কর্তকর্তাদের সঙ্গে মঙ্গলবার বৈঠকে বসেন উইলহেলমাস। বৈঠকে সার্বিক পরিস্থিতি নিয়ে সন্তোষ প্রকাশ করেন তিনি।
বাফুফে সভাপতি সালাউদ্দিন সাংবাদিকদের বলেন, “১৭ তারিখ বিকাল পাঁচটায় বঙ্গবন্ধু স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হবে এবং এ নিয়ে কোনো সন্দেহ নেই। ফিফার নিরাপত্তা কর্মকর্তাও এটা আমাদেরকে পরিষ্কার জানিয়েছেন।”
“তিনি আমাদের জানিয়েছেন, ম্যাচটি সফলভাবে আয়োজনের জন্য দিক নির্দেশনা দিতে ও বাফুফেকে সহযোগিতা করতেই তিনি এখানে এসেছেন”, যোগ করেন বাফুফে সভাপতি।
এশিয়ান ফুটবল কনফেডারেশনের নিরাপত্তা কর্মকর্তা শেখ মোহাম্মদ মারুফ হাসানও জানান, ফিফার প্রতিনিধি ভেন্যু ও স্টেডিয়ামের বিভিন্ন অংশ ঘুরে ঘুরে দেখে সন্তোষ প্রকাশ করেছেন।
ম্যাচটি নির্বিঘ্নে আয়োজনের জন্য বাফুফের নেওয়া নিরাপত্তা পরিকল্পনাকে ‘আন্তর্জাতিক মানের’ বলেও জানিয়েছেন উইলহেলমাস।
এর আগে ঢাকায় এসে নিরাপত্তা পরিকল্পনা দেখে সন্তুষ্টির কথা জানিয়েছিলেন ফুটবল ফেডারেশন অস্ট্রেলিয়ার (এফএফএ) দুই নিরাপত্তা কর্মকর্তা।
