২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

কুষ্টিয়ায় আ. লীগ-জাসদ সংঘর্ষে আহত একজনের মৃত্যু

ছয়দিন আগে কুষ্টিয়ার ভেড়ামারায় আওয়ামী লীগ ও জাসদ সমর্থক হিসেবে পরিচিত দুটি পক্ষের মধ্যে সংঘর্ষে আহত এক ব্যক্তির চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Nov 2015, 01:41 PM

Updated : 22 Aug 2022, 01:53 PM

নিহত বাবুল মণ্ডল (৩৫) ভেড়ামারা উপজেলার চাঁদগ্রামের আলিমুদ্দিন মণ্ডলের ছেলে।

বুধবার গভীর রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয় বলে হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোজাম্মেল হক জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গত ৬ নভেম্বর রাত ৯টার দিকে চাঁদগ্রামে সংঘর্ষের সময় বাবুলকে কুপিয়ে জখম করা হয়। এতদিন তিনি কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

“অবস্থার অবনতি হওয়ায় বুধবার রাত দেড়টার দিকে বাবুলকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়। রাত ২টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”

শুক্রবার রাতে চাঁদগ্রামে এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে স্থানীয় আওয়ামী লীগ সমর্থিত এনামুল মণ্ডল ও জাসদ সমর্থিত আমির মালিথার গ্রুপের মধ্যে এই সংঘর্ষ ঘটে।

সংঘর্ষে উভয় পক্ষের পাঁচ জন আহত হয়, যাদের মধ্যে নিহত বাবলু এলাকায় জাসদ সমর্থক হিসেবে পরিচিত।

এদিকে বাবলু মণ্ডলের মৃত্যুসংবাদ এলাকায় পৌঁছালে সকালে স্থানীয় আওয়ামীগ নেতা মসফের ও ইউপি সদস্য এনামুল হকের বাড়িসহ পাঁচটি বাড়িতে আগুন দেয় প্রতিপক্ষের বিক্ষুব্ধ লোকজন।

হামলা ও অগ্নিসংযোগের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে ২০ রাউন্ড ফাঁকা গুলি ছুঁড়ে বলে জানান ভেড়ামারা ওসি তাজুল ইসলাম।

ফায়ার সার্ভিসের কর্মকর্তা মিজান জানান, তারা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই এনামুল, মমিন, নান্নু, মমিন হোসেন, মিরাজ ও মসফের আলীর বাড়ি-ঘর পুড়ে যায়।

কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার আবু বকর সিদ্দিক জানান, নতুন করে সংঘর্ষ এড়াতে চাঁদগ্রামে অতিরিক্ত পুলিশ মোতায়েন রাখা হয়েছে।

এলাকাবাসী জানায়, বেশ কিছুদিন ধরে আধিপত্য বিস্তার নিয়ে চাঁদগ্রামের জাসদ এবং আওয়ামী লীগের সমর্থকরা প্রায়ই সংঘর্ষ জড়িয়ে পড়ছে।