বেজমেন্ট থেকে বাণিজ্যিক প্রতিষ্ঠান উচ্ছেদে মন্ত্রীর নির্দেশ
ভবনে গাড়ি পার্কিংয়ের জায়গা দোকান-অফিস হিসেবে ব্যবহৃত হলে তা উচ্ছেদে রাজউককে নির্দেশ দিয়েছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী মোশাররফ হোসেন।
বুধবার রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের কর্মকর্তার সঙ্গে বৈঠকে মন্ত্রী এ নির্দেশ দেন।
মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
মন্ত্রী বলেন, “ভবন নির্মাণের নকশা অনুমোদনের সময় বেজমেন্ট নির্মাণের অনুমতি দেওয়া হয় গাড়ি পার্কিংয়ের জন্য।
“অনেকে দোকান-পাঠ স্থাপন করে বেজমেন্টকে বাণিজ্যিকভাবে ব্যবহার করছে। এ কারণে রাস্তায় গাড়ি পার্কিং করা হচ্ছে এবং ট্রাফিক জ্যামের সৃষ্টি হচ্ছে। ”
রাজউক কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে ধানমণ্ডি, গুলশান, বনানী, বারিধারা, উত্তরা এলাকায় বাণিজ্যিকভাবে ব্যবহার করা বিভিন্ন আবাসিক ভবনের বাস্তব অবস্থা যাচাই করে প্রয়োজনে নির্ধারিত ফি- এর বিনিময়ে বাণিজ্যিক হিসেবে অনুমোদন দেওয়ার বিষয়ে মত দেন গৃহায়ন মন্ত্রী মোশাররফ।
তিনি বলেন, “তবে আবাসিক এলাকার ভেতর গড়ে ওঠা গেস্ট হাউজগুলোকে কোনোভাবেই অনুমোদন দেওয়া যাবে না। এ বিষয়ে কোনো অনিয়ম দেখা গেলে সংশ্লিষ্ট এলাকার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।”
মন্ত্রী আগামী তিন বছরের মধ্যে উত্তরা তৃতীয় পর্ব, পূর্বাচল ও ঝিলিমিলকে পরিপূর্ণ বাসযোগ্য হিসেবে গড়ে তুলতেও রাজউককে নির্দেশ দেন।
এ সময় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এম বজলুল করিম চৌধুরী, এস এম আরিফ-উর-রহমান, রহমত উল্লাহ মো. দস্তগীর, রাজউকের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুর রহমানসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
