২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দলীয় প্রতীকে স্থানীয় নির্বাচন অনুষ্ঠানে সংসদে বিল

পৌরসভার পর এবার দলীয় প্রতীকে ইউনিয়ন পরিষদ, উপজেলা, জেলা ও সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠানে আইন সংশোধন বিল সংসদে উত্থাপিত হয়েছে।

সংসদ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Nov 2015, 10:58 PM

Updated : 22 Aug 2022, 01:51 PM

বুধবার স্থানীয় সরকার মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন পৃথকভাবে চারটি বিল উত্থাপন করেন।

বিলগুলো হলো স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) (সংশোধন) বিল-২০১৫, স্থানীয় সরকার (উপজেলা) (সংশোধন) বিল-২০১৫, স্থানীয় সরকার (জেলা পরিষদ) (সংশোধন) বিল-২০১৫ ও স্থানীয় সরকার (সিটি করপোরেশন) (সংশোধন) বিল-২০১৫।

পরে বিল চারটি পরীক্ষা করে পাঁচ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দেওয়ার জন্য তা স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটিতে পাঠানো হয়।

সংশোধিত বিল পাস হলে দল মনোনীত প্রার্থীরা দলীয় প্রতীকে ও স্বতন্ত্র প্রার্থীরা আলাদা প্রতীকে ভোট করতে পারবেন।

পৌরসভা নির্বাচনে একই বিধান রাখতে আইনটি সংশোধন করে অধ্যাদেশ আকারে জারি করা হয়েছে, যা গত রোববার সংসদে উত্থাপিত হয়।

চারটি বিলেই রাজনৈতিক দল বলতে গণপ্রতিনিধিত্ব আদেশের সংজ্ঞায়িত নিবন্ধিত রাজনৈতিক দলকে বোঝানো হয়েছে।

স্বতন্ত্র প্রার্থী বলতে বোঝানো হয়েছে- যে প্রার্থী কোনো রাজনৈতিক দল কর্তৃক মনোনীত নয়।

আরও বলা হয়েছে, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্য, উপজেলা পরিষদের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা সদস্য, জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্য এবং সিটি করপোরেশনের মেয়র ও কাউন্সিলর পদের নির্বাচনের জন্য প্রার্থীকে রাজনৈতিক দল কর্তৃক মনোনীত অথবা স্বতন্ত্র প্রার্থী হতে হবে। 

এছাড়া ভিন্নভাবে জেলা পরিষদ আইনের ১৭ ধারা সংশোধন করে বলা হয়েছে, জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্য নির্বাচনের জন্য প্রত্যেক জেলার অন্তর্ভুক্ত সিটি করপোরেশন (যদি থাকে), পৌরসভা, উপজেলা ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সমন্বয়ে একটি নির্বাচক মণ্ডলী গঠিত হবে।

বিলগুলোর উদ্দেশ্য ও কারণ সম্বলিত বিবৃতিতে মন্ত্রী বলেন, সিটি করপোরেশন, পৌরসভা, উপজেলা ও ইউনিয়ন পরিষদ সরাসরি ভোটে নির্বাচিত জনপ্রতিনিধিদের মাধ্যমে পরিচালিত হচ্ছে। প্রতিটি নির্বাচনই উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়ে থাকে। এসব নির্বাচন নির্দলীয়ভাবে হলেও বাস্তবে প্রতিটি দলই প্রত্যক্ষ ও পরোক্ষভাবে দলীয় ব্যক্তিকে প্রার্থী হিসেবে সমর্থন দিয়ে থাকে।

এই প্রেক্ষাপটে দীর্ঘদিন থেকে জনগণ ও জনপ্রতিনিধিরা রাজনৈতিক পরিচয়ে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠানের দাবি জানিয়ে আসছিলেন জানিয়ে মন্ত্রী বলেন, জনগণের প্রত্যাশাকে গুরুত্ব দিয়ে এবং জনপ্রতিনিধিদের রাজনৈতিক অঙ্গীকার পালনের সুযোগ দিতে এই বিল আনা হয়েছে।