চুক্তিতে থাকছেন এলজিইডির প্রধান প্রকৌশলী
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) প্রধান প্রকৌশলী শ্যামা প্রসাদ অধিকারীকে একই পদে চুক্তিতে নিয়োগ দিয়েছে সরকার।
অবসরোত্তর ছুটি (পিআরএল) বাতিলের শর্তে দুই বছরের চুক্তিতে শ্যামা প্রসাদকে এলজিইডির প্রধান প্রকৌশলী নিয়োগ দিয়ে বুধবার আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
১৯৮১ সালে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে পুরকৌশলে স্নাতক ডিগ্রি নিয়ে ওই বছরই পল্লী পূর্ত কর্মসূচিতে সহকারী প্রকৌশলী হিসেবে চাকরিতে যোগ দেন শ্যামা প্রসাদ।
ঢাকা অঞ্চলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী এবং নগর ব্যবস্থাপনা, সমন্বিত পানিসম্পদ ব্যবস্থাপনা, রক্ষণাবেক্ষণ এবং প্রশিক্ষণ ইউনিটের অতিরিক্ত প্রধান প্রকৌশলীর দায়িত্বও পালন করেন তিনি।
