শিশুরা ভিটামিন ‘এ’ পাচ্ছে শনিবার
শিশুদের স্বাস্থ্য সুরক্ষায় জাতীয় কর্মসূচির অংশ হিসেবে আগামী শনিবার বিনামূল্যে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর দিন ঠিক করেছে সরকার।
‘জাতীয় ভিটামিন এ+ ক্যাম্পেইন ২০১৫’ শিরোনামের এই কর্মসূচিতে ৬ থেকে ১১ মাস বয়সী শিশুদের একটি করে নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল এবং এক বছর থেকে ছয় বছর বয়সী শিশুদের একটি করে লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।
বুধবার ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) এক অনুষ্ঠানে এই তথ্য জানানো হয়।
ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর জাতীয় এই কর্মসূচিতে সারা দেশের নির্ধারিত কেন্দ্রের মতো ঢাকা উত্তরের ৩৬টি ওয়ার্ডে ১ হাজার ৪৯৯টি কেন্দ্রে টিকা খাওয়ানো হবে বলে অনুষ্ঠানে ডিএনসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা এস এম এম সালেহ ভূঁইয়া জানান।
তিনি বলেন, ভবিষ্যৎ প্রজন্ম যাতে অন্ধত্বমুক্ত ও সুস্বাস্থ্য নিয়ে গড়ে উঠতে পারে সেজন্য পাঁচ বছরের কম বয়সী শিশুদের এই ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। এছাড়া অভিভাবকদের শিশু পরিচর্যা বিষয়ে গুরুত্বপূর্ণ পরামর্শ দেওয়া হবে।
“এই কারণে এবারের কর্মসূচির নাম দেওয়া হয়েছে ভিটামিন ‘এ+’ ক্যাম্পেইন।”
ডিএনসিসির সহকারী স্বাস্থ্য কর্মকর্তা মাহমুদা আলী জানান, এই ক্যাম্পেইনে উত্তর সিটি করপোরেশনে ৬ থেকে ১১ মাস বয়সী ৫৬ হাজার ৪৯৪ জন এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী তিন লাখ ৫১ হাজার ৪০৯ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্য ঠিক করা হয়েছে।
তিনি বলেন, নিয়মিত খাবারে ভিটামিন ‘এ’র যেসব উপাদান থাকেনা এই ক্যাপসুলে কৃত্রিমভাবে সেই সব উপাদান দেওয়া রয়েছে। ক্যাপসুল খাওয়ানোর ফলে শিশুর রাতকানা রোগের ঝুঁকি কমে এবং শিশু সঠিকভাবে বেড়ে ওঠে।
‘সচেতন অভিভাবকরা’ নির্ধারিত দিনে শিশুদের বিনামূল্যের এই ক্যাপসুল খাওয়াবেন বলে আশা প্রকাশ করেন মাহমুদা।
অনুষ্ঠানে ডিএনসিসির সদ্য বিদায়ী প্রধান নির্বাহী কর্মকর্তা বিএম এনামুল হকসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
