২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ভাইবার, হোয়াটস অ্যাপ বন্ধ করা হবে: প্রধানমন্ত্রী 

অ্যাপস ব্যবহার করে সন্ত্রাসী যোগাযোগ বন্ধে ভাইবার ও হোয়াটস অ্যাপের মতো যোগাযোগ মাধ্যমগুলো অনির্দিষ্টকালের জন্য বন্ধ করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Nov 2015, 08:43 PM

Updated : 22 Aug 2022, 01:52 PM

বুধবার জাতীয় সংসদে স্বতন্ত্র সাংসদ হাজি মোহাম্মদ সেলিমের সম্পূরক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

প্রধানমন্ত্রী বলেন, “সব ভালো জিনিসের মধ্যে কিছু খারাপ জিনিস চলে আসে। ডিজিটাল বাংলাদেশের সুবিধা ব্যবহার করে কিছু লোক অপরাধ করছে। এসব দুষ্কৃতকারী, সন্ত্রাসীদের ধরিয়ে দিতে হবে।”

সন্ত্রাসীরা ভাইবার-হোয়াটস অ্যাপ ব্যবহার করে অপরাধ করায় তা বন্ধে প্রধানমন্ত্রীর সহায়তা চান হাজি সেলিম, যিনি আওয়ামী লীগের ঢাকা মহানগর কমিটির নেতা। 

এ বিষয়ে শেখ হাসিনা বলেন, “জঙ্গি-সন্ত্রাসীদের কোনোভাবে সহ্য করা হবে না। কিছুদিনের জন্য হলেও এটা বন্ধ করে সন্ত্রাসীদের যাতে ধরা যায় সে পরিকল্পনা সরকারের রয়েছে।

“অনির্দিষ্টকালের জন্য এটা বন্ধ করে সন্ত্রাসীদের চিহ্নিত করে ধরা হবে।”

জনগণের জানমালের নিরাপত্তার জন্য প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হবে বলেও আশ্বস্ত করেন প্রধানমন্ত্রী।