২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অনুপ চেটিয়ার হস্তান্তর: দেড় ঘণ্টা পর স্বীকার করলেন মন্ত্রী 

‘তথ্য নেই’ বলার দেড় ঘণ্টা পর উলফা নেতা অনুপ চেটিয়াকে ভারতের কাছে হস্তান্তরের কথা স্বীকার করলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Nov 2015, 01:44 PM

Updated : 12 Oct 2022, 04:26 PM

পুরনো খবর:

অনুপ চেটিয়ার হস্তান্তর: ‘তথ্য নেই’ মন্ত্রীর কাছে

বুধবার সকালে অনুপ চেটিয়ার হস্তান্তরের খবর গণমাধ্যমে আসার পর মিরপুরে এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের মুখে তিনি এই নাটকীয়তার জন্ম দেন। 

ঢাকার মিরপুরে ফায়ার ব্রিগেড ও সিভিল ডিফেন্স সপ্তাহের অনুষ্ঠান শেষে তিনি সাংবাদিকদের বলেন, “সাজা শেষ হয়ে যাওয়ায় আইন মেনেই অনুপ চেটিয়াকে ভারতে ফেরত পাঠানো হয়েছে।”

অবশ্য এর ঘণ্টা দেড়েক আগে একই অনুষ্ঠানে উলফা নেতাকে হস্তান্তরের সময় জানতে চাইলে কামাল বলেছিলেন, “আমার কাছে কোনো তথ্য নাই।”

ভারতীয় কর্মকর্তাদের বরাত দিয়ে গণমাধ্যমে আসা খবরের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে সে সময় তিনি বলেছিলেন, “এ বিষয়ে আমি কিছু জানি না।”

Image
অনুপ চেটিয়া, ফাইল ছবি

অনুপ চেটিয়া, ফাইল ছবি

১৯৯৭ সালের ২১ ডিসেম্বর ঢাকার মোহাম্মদপুরের এক বাসা থেকে অনুপ চেটিয়াকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর অবৈধভাবে বাংলাদেশে অবস্থান এবং অবৈধভাবে বিদেশি মুদ্রা ও একটি স্যাটেলাইট ফোন রাখার তিন মামলায় তাকে যথাক্রমে তিন, চার ও সাত বছরের সশ্রম কারাদণ্ড দেয় বাংলাদেশের আদালত।

অনুপ চেটিয়ার সাজার মেয়াদ শেষ হয় ২০০৭ সালের ২৫ ফেব্রুয়ারি। ২০১২ সাল থেকে তিনি কাশিমপুর কারাগারে ছিলেন।

বুধবার উচ্চ পর্যায়ের সূত্রের বরাত দিয়ে ভারতের রাষ্ট্রীয় বার্তা সংস্থা পিটিআইয়ের খবরে বলা হয়, বাংলাদেশ সরকার অনুপ চেটিয়াকে হস্তান্তর করেছে।

ভারতের পররাষ্ট্র দপ্তরের কযেকজন শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করা হলে তারাও বিষয়টি নিশ্চিত করেন। তবে ঠিক কীভাবে তাবে ভারতীয় কর্তৃপক্ষের হাতে তুলে দেওয়া হয়েছে, সে বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।