কর্মজীবী মহিলা হোস্টেলের সংকট কাটাতে আলোচনা শুরু
ভাড়া বাড়ানোর প্রতিবাদে রাজধানীর নীলক্ষেতের কর্মজীবী মহিলা হোস্টেলের বাসিন্দাদের রাতভর বিক্ষোভের পর সংকটের সমাধান পেতে মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রীর সঙ্গে আলোচনায় বসেছেন মহিলা ও শিশু বিষয়ক অধিদপ্তরের কর্মকর্তারা।
হোস্টেলটির সুপার সাবেকুন নাহার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বুধবার সকাল ৮টায় প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি হোস্টেলের নারীদের তার বাসভবনে যেতে বলেছিলেন। তবে কর্মস্থলে যেতে হবে, তাই তারা যেতে পারেননি।
“তাদের দাবি নিয়ে মহিলা ও শিশু বিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক শাহিন আহমেদ চৌধুরী ও অতিরিক্ত মহাপরিচালক শাহনওয়াজ দিলরুবা খান প্রতিমন্ত্রীর সঙ্গে কথা বলছেন।”
সরকারি এই হোস্টেলের প্রায় শখানেক বাসিন্দা মঙ্গলবার রাত ১০টার দিকে কাঁটাবন থেকে নীলক্ষেতমুখী সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করলে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
ভোর চারটা পর্যন্ত রাস্তায় বিক্ষোভ করার কথা জানিয়ে হোস্টেলের বাসিন্দা সোনিয়া ফাতেমা বলেন, “যেহেতু সকালে অফিসে যেতে হবে, তাই অবরোধ সাময়িকভাবে স্থগিত রয়েছে।”
“সন্ধ্যা ৭টায় আবার সবার সঙ্গে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। তবে দাবি আদায় না হলে আন্দোলন চলবে।”
হোস্টেল কর্তৃপক্ষ গত ২৯ অক্টোবর একটি নোটিসে সিট ভাড়া বাড়ানোর কথা জানায়।
হোস্টেলের বাসিন্দারা বলছেন, সব ধরনের সিটের ভাড়া প্রায় দ্বিগুণ করা হয়েছে।
চার সিটের কক্ষের প্রতিটির ভাড়া ৭০০ টাকা থেকে বাড়িয়ে ১১০০, তিন সিটের কক্ষের প্রতিটির ভাড়া ৮০০ থেকে বাড়িয়ে ১৫০০ টাকা করা হয়েছে।
এছাড়া দুই সিটের কক্ষের প্রতিটির ভাড়া ১১০০ থেকে বাড়িয়ে ২০০০ এবং এক সিটের কক্ষের ভাড়া ১৬০০ টাকা থেকে বাড়িয়ে তিন হাজার টাকা করা হয়েছে বলে জানান তারা।
হঠাৎ করে ভাড়া প্রায় দ্বিগুণ করার প্রতিবাদে কয়েকদিন ধরেই বাসিন্দা নারীদের মধ্যে ক্ষোভ বিরাজ করছিল।
