আগুন নিয়ে খেলা, পুড়ল ৩ শিশু
গাজীপুরের টঙ্গীতে ময়লার স্তূপে দেওয়া আগুনে তিন শিশু দগ্ধ হয়েছে।
সোমবার সন্ধ্যায় শহরের পাগার সোসাইটি মাঠে এ ঘটনা ঘটে বলে জানান ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. মোজাম্মেল হক।
এরা হল- রিফাত (৯), তুষার (৬) ও টুটুল (১০)। তাদের বাড়ি ময়মনসিংহের গফরগাঁওয়ে।
আহতদের বরাত দিয়ে মোজাম্মেল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সন্ধ্যায় মাঠে খেলার সময় ময়লার স্তূপে আগুন ধরিয়ে দেয় টুটুল। পরে সেখানে আসে সুজন ও তুষার। আগুন নিভানোর এক পর্যায়ে তারা ওই স্তূপে পড়ে যায়। এলাকাবাসী তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে।
আগুনে রিফাতের ১৫ শতাংশ, তুষারের ৭৫ শতাংশ ও টুটুলের ৬ শতাংশ পুড়েছে বলে জানান তিনি।
