২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বক্তব্য দিন জনগণের হয়ে: প্রধানমন্ত্রীকে ইমরান

নিজের ‘ব্যক্তিগত অভিমতকে’ প্রধানমন্ত্রীর বক্তব্য হিসেবে জনগণের উপর চাপিয়ে না দিতে শেখ হাসিনার প্রতি আহ্বান জানিয়েছেন গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Nov 2015, 09:31 PM

Updated : 12 Oct 2022, 04:24 PM

সোমবার বিকেলে শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে এক সমাবেশে তিনি এ কথা বলেন।
 

মঞ্চের ব্যানারে প্রকাশক ফয়সাল আরেফিন দীপনের হত্যাকারী ও আরেক প্রকাশককে হত্যাচেষ্টাকারীদের গ্রেপ্তার এবং জনগণকে নিরাপত্তা দেওয়ার দাবিতে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

শাহবাগে সমাবেশ শেষে একটি আলো মিছিল বের করেন জাগরণকর্মীরা।

সমাবেশে ইমরান বলেন, “সংবাদ সম্মেলনে ব্লগার ও লেখকদের সম্পর্কে প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটি বক্তব্য দিয়েছেন। আওয়ামী লীগের সভানেত্রী বা ব্যক্তি হিসেবে ওনার বক্তব্য থাকতেই পারে। কিন্তু আপনি যখন প্রধানমন্ত্রী তখন চোর-ডাকাত থেকে শুরু করে হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান, বাঙালি কিংবা পাহাড়ি সকল মানুষের প্রধানমন্ত্রী।

“তাই মাননীয় প্রধানমন্ত্রী হিসেবে আপনি যখন বক্তব্য দেবেন তখন আপনার মাথায় রাখতে হবে- আপনার ব্যক্তিগত মতামত প্রধানমন্ত্রীর বক্তব্য হিসেবে চালিয়ে দেওয়ার কোনো সুযোগ নেই। বরং আপনি যখন প্রধানমন্ত্রী হিসেবে বক্তব্য দেবেন তখন আপনাকে ১৬ কোটি মানুষের হয়ে বক্তব্য দিতে হবে।

“আপনার বক্তব্য যাতে ভারসাম্যহীন না হয় বা কোন দিকে হেলে না পরে সেদিকে আপনাকে সতর্ক থাকতে হবে।”

তিনি বলেন, “আমরা বারবার বলেছি আমরা এমন একটা নিরাপদ রাষ্ট্র চাই যেখানে মানুষ স্বাধীনভাবে চলাচল করতে পারবে, নিজের মত প্রকাশ করতে পারবে। কিন্তু একটি অশুভশক্তি এ দেশকে অনিরাপদ হিসেবে প্রমাণ করতে লেখক-ব্লগার-প্রকাশকদের হত্যা করছে; পুলিশ হত্যা করছে।

যারাই দ্বিমত পোষণ করছে তাদের উপরই আক্রমণ হচ্ছে বলে মন্তব্য করেন তিনি।

গণজাগরণ মুখপাত্র বলেন, “আমরা পরিষ্কারভাবে বলতে চেয়েছি আমরা এই রাষ্ট্রকে একটি বিজ্ঞানমনস্ক আধুনিক ও মানবিক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে চাই। এজন্য আমরা রাজপথে সংগ্রামে আছি।

“এ দেশকে সামনের দিকে এগিয়ে নিতে চাইছি। আমাদের সংগ্রাম কোন ধর্ম কিংবা গোষ্ঠীর বিরুদ্ধে নয়। আমাদের সংগ্রাম মানুষের জন্য একটি মানবিক রাষ্ট্র গঠনের জন্য।”