রাষ্ট্রপতির সঙ্গে মেয়র আনিসের সাক্ষাৎ
জনগণের স্বার্থ বিবেচনায় যেকোনো সিদ্ধান্ত নিতে সিটি করপোরেশন কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
সোমবার ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক বঙ্গভবনে সাক্ষাৎ করতে গেলে রাষ্ট্রপতি এ কথা বলেন।
রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সাক্ষাতের সময় রাষ্ট্রপতি বলেন, ‘সাধারণ মানুষের স্বার্থে সিদ্ধান্ত নিলে মানুষ সিটি করপোরেশনের যেকোনো পদক্ষেপকে সমর্থন জানাবে’।”
এ সময় মেয়র আনিস রাষ্ট্রপতিকে জানান, বর্জ্য ব্যবস্থাপনার জন্য উত্তর সিটি করপোরেশনে ৭২টি কন্টেইনার তৈরি করা হবে।
যানজট নিরসনে সিটি করপোরেশনের বিভিন্ন পদক্ষেপ সম্পর্কেও রাষ্ট্রপতিকে মেয়র অবহিত করেন।
রাষ্ট্রপতির কার্যালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।
