শীতের সবজিতে কৃষকের হাসি
শীতের সবজির বাম্পার ফলনে এবং ভালো দাম থাকায় হাসি ফুটেছে শার্শার চাষিদের মুখে।
আবহাওয়া অনুকূল থাকায় এ বছর ফলন ভালো হয়েছে বলে জানান শার্শা উপজেলা কৃষি কর্মকর্তা হীরক কুমার সরকার।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, যশোর জেলার এ এলাকায় এবার প্রায় পাঁচ হাজার চাষি প্রায় ১৫ হাজার বিঘা জমিতে শীতের সবজি আবাদ করেছেন।
সরজমিনে হাড়িখালি, কাঠুরিয়া, বাগআঁচড়া প্রভৃতি গ্রাম ও বাজার ঘুরে নানা রকম তরতাজা সবজির বাহার দেখা গেছে।
লাউ, শিম, বেগুন, বরবটি, ফুলকপি, বাঁধাকপি, ওলকপি, লাল শাক, মূলা শাক, পালং শাক, টমেটো, গাজর, মানকচু, বরবটি প্রভৃতি সজীব সবুজ এসব সবজি যেন প্রাণবন্ততার প্রতীক। দাম নাগালে থাকায় ক্রেতারাও খুশি।
সোমবার সকালে মাখলা বিল ও বাগআঁচড়া বাজারে গিয়ে দেখা যায়, কৃষক ও ব্যবসায়ীরা সবজি আহরণ ও কেনাবেচায় ব্যস্ত সময় পার করছেন।
সামটা গ্রামের কৃষক খোরশেদ আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তিনি ১৫ বিঘা জমিতে কুলগাছের ফাঁকে সাথি ফসল হিসেবে লালশাক, পুঁইশাক, বেগুন প্রভৃতি শীতের সবজি আবাদ করেছেন।
“গেল বন্যায় সব ফসল নষ্ট হয়ে গেছে। সেই ক্ষতি এখন পুষিয়ে যাচ্ছে।”
হাড়িখালি গ্রামের গোলাম মোস্তফা ৫৫ শতাংশ জমিতে কপি চাষ করেছেন। সার-বীজ ও অন্যান্য মিলিয়ে তার নগদ খরচ হয়েছে প্রায় ১২ হাজার টাকা। তিনি এক লাখ টাকার কপি বেচতে পারবেন বলে আশা করছেন।
কাঠুরিয়া গ্রামের করিব হোসেন অন্যান্য সবজির পাশাপাশি ৫০ শতাংশ জমিতে শুধু লাউ চাষ করেছেন। এতে তার খরচ হয়েছে ২০ হাজার টাকা। এরই মধ্যে তিনি প্রায় ৯০ হাজার টাকার লাউ বিক্রি করেছেন বলে জানান।
বাগআঁচড়া বাজারের আড়তদার মোজাম্মেল হক বলেন, শীতের সবজিতে বাজার সয়লাব হয়ে গেছে।
“কিছুদিন আগেও দাম ক্রেতার নাগালের বাইরে ছিল। সরবরাহ বাড়ায় দাম কমেছে। এতে ক্রেতারা খুশি। তারা এখন ইচ্ছেমতো সবজি কিনতে পারছেন।”
এ এলাকা থেকে দৈনিক অন্তত ২০ ট্রাক সবজি রাজধানীতে যাচ্ছে বলে তিনি জানান।
