চাঁদপুরে যুবককে ‘পিটিয়ে হত্যা’
চাঁদপুরে চোর সন্দেহে জনতা এক যুবককে পিটিয়ে হত্যা করেছে বলে পুলিশ জানিয়েছে।
চাঁদপুর সদর মডেল থানার ওসি মো. মামুনুর রশীদ জানান, সোমবার সকালে সদর উপজেলার আশিকাটি ইউনিয়নের সেনগাঁও গ্রামে মোস্তফা গাজী (৩৫) নামের ওই যুবকের লাশ পাওয়া যায়।
মোস্তফা গাজী ঘটনাস্থলের পার্শ্ববর্তী শাহমাহমুদপুর ইউনিয়নের কেতুঁয়া গ্রামের গাজী বাড়ির ইসমাইল গাজীর ছেলে।
ওসি সাংবাদিকদের বলেন, “আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি, নিহত মোস্তফা গাজী দীর্ঘদিন ধরে চুরির কাজে জড়িত। এ কারণে এলাকার লোকজন তাকে পিটিয়ে হত্যা করেছে।”
তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে জানিয়ে তিনি বলেন, পুরো বিষয়টি পুলিশ তদন্ত করে দেখছে। এ ঘটনায় কেউ আটক হয়নি।
সেনগাঁও গ্রামের বাসিন্দা সাবেক ইউপি সদস্য কামাল জানান, রাত ৩টায় তারা চিৎকার শোনেন। সকালে লোকজন পাটওয়ারী বাড়ির কাছে রাস্তার পাশে যুবকের লাশ দেখতে পেয়ে পুলিশকে জানায়।
আশিকাটি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান দেলোয়ার হোসেন খান বলেন, “সোমবার সকালে খবর পেয়ে আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। বিষয়টি পুলিশকে জানানো হয়েছে।”
