পুরান ঢাকার ব্যবসায়ীর সন্ধান চায় পরিবার
পুরান ঢাকার এক ব্যবসায়ীর সন্ধান চেয়ে সংবাদ সম্মেলন করে তার পরিবার দাবি করেছে, আইন শৃঙ্খলা বাহিনীর পরিচয়ে তাকে বাসা থেকে তুলে নেওয়া হয়।
রোববার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে নিখোঁজ মো. সাইফুদ্দিনের (৩৮) সন্ধান চেয়ে এই সংবাদ সম্মেলন করেন তার স্বজনরা।
স্ত্রীর আবেদা বেগম থাকার কথা থাকলেও ‘অসুস্থতার’ জন্য আসতে পারেননি বলে জানানো হয় সাংবাদিকদের।
লিখিত বক্তব্যে আবেদার বড় ভাই এমএম বাদশা মিয়া বলেন, গত ২৮ অক্টোবর সকালে পুরান ঢাকার পশ্চিম শদীদনগর বাসা থেকে একটি গাড়িতে তুলে নেওয়া হয় সাইফুদ্দিনকে।
“আইন-শৃঙ্খলা বাহিনীর পরিচয় দিয়ে তিনটি গাড়িতে তারা এসেছিল। তাদের সঙ্গে হ্যান্ডকাপ ও অস্ত্র ছিল।”
সাইফুদ্দিন ‘মেসার্স বিসমিল্লাহ মেটাল ইন্ড্রাস্ট্রিজের’ মালিক। তার সন্ধান চেয়ে লালবাগ থানায় একটি সাধারণ ডায়েরি করেছে পরিবার।
লালবাগ থানা, গোয়েন্দা পুলিশ ও র্যাবে যোগাযোগ করা হলেও সাইফুদ্দিনকে গ্রেপ্তারের কথা কেউ স্বীকার করেনি বলে তার পরিবারের সদস্যরা জানিয়েছেন।
বাদশা মিয়া বলেন, ১ নভেম্বর তারা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করে তার সাহায্যও চেয়েছেন।
সাইফুদ্দিন কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নন বলে দাবি করেন বাদশা মিয়া। তবে ‘ব্যবসায়িক বিরোধ’ থেকে সাইফুদ্দিনের বিরুদ্ধে চেক প্রতারণার মামলা ছিল বলে জানান তিনি।
ওই ব্যবসায়ীরা ক্ষিপ্ত হয়ে এটা ঘটিয়েছে বলে মনে করেন কি না- জানতে চাইলে বাদশা মিয়া বলেন, “কোনো একটি চক্র আইন-শৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করে এই ঘটনা ঘটিয়েছে।”
