ধরপাকড় ‘স্থিতিশীলতার স্বার্থে’: মোশাররফ
বিভিন্ন জেলায় বিএনপি-জামায়াতের নেতা-কর্মীদের গ্রেপ্তারের পক্ষে যুক্তি দেখিয়ে স্থানীয় সরকারমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, পরিস্থিতি স্থিতিশীল রাখতেই এই পদক্ষেপ।
বিএনপি ও জামায়াতে ইসলামীর শীর্ষ পর্যায়ের দুই নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী এবং আলী আহসান মো. মুজাহিদের আইনি লড়াইয়ের চূড়ান্ত নিষ্পত্তির আগে গত কয়েকদিন ধরেই জেলায় জেলায় গ্রেপ্তার অভিযান দেখা যাচ্ছে।
ডিসেম্বরে পৌরসভা নির্বাচনের দিকে ইঙ্গিত করে খন্দকার মোশাররফ বলেন, “পৌরসভার মতো ব্যাপক একটি নির্বাচন করতে হলে দেশে স্থিতিশীল ও শান্তিপূর্ণ পরিবেশ দরকার। সেজন্য ক্রিমিনাল যারা আছে, তাদের একটু স্থিতি অবস্থায় রাখতে ধর-পাকড় করা হচ্ছে।”
রোববার সচিবালয়ের গণমাধ্যম কেন্দ্রে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) আয়োজিত সংলাপে একথা বলেন তিনি।
বিএনপি অভিযোগ করে আসছে, বিরোধী মত দমিয়ে রাখতে সরকার এই গ্রেপ্তার অভিযান চালাচ্ছে।
এই অভিযোগের প্রেক্ষাপটে স্থানীয় সরকারমন্ত্রী বলেন, পুলিশ কিংবা আইনশৃঙ্খলা বাহিনী কাজটা ‘রেকর্ড’ থেকেই করছে।
মামলা দিয়ে বিএনপিদলীয় মেয়রদের বরখাস্ত করা হচ্ছে বলে অভিযোগের প্রতিক্রিয়ায় তিনি বলেন, “আইনে আছে… আইন তার নিজস্ব গতিতে চলবে। আমি আর এর কী জবাব দেব।”
জেলা পরিষদ নির্বাচন কেন দেওয়া হচ্ছে না- জানতে চাইলে মন্ত্রী বলেন, “আইন অনুযায়ী আটজন সংসদ সদস্যের এলাকায় একজন নির্বাচিত হবেন। সেই লোকটা কোন পদ্ধতিতে, কীভাবে নির্বাচিত হবে, সরাসরি ভোটে হবে না অন্যভাবে হবেন এটা নিয়ে অনেক বিতর্ক আছে, অনেক স্টাডি করার প্রয়োজন আছে। আমরা একটু বিচার-বিবেচনা করছি। এরপর এক সময় হয়ত নির্বাচনে যাব।”
সংলাপে তিনি ভূ-গর্ভস্থ পানির বিপজ্জনক পর্যায়ে নেমে যাওয়া নিয়েও কথা বলেন।
মন্ত্রী বলেন, বেশি ব্যবহারের ফলে কোনো কোনো স্থানে ভূগর্ভস্থ পানির স্তর ১০ মিটার নিচে নেমে গেছে।
“আমাদের এখানে বৃষ্টি বেশি হওয়ায় কিছুটা হলেও ভূ-গর্ভস্থ পানির স্তর রিচার্জ হচ্ছে। এখন ভূ-উপরিতলের পানি ঘিরে আমাদের পানি সরবরাহ নীতি গ্রহণ করছি। এটা আমরা নতুন আঙ্গিকে করার চেষ্টা করছি।”
সমবায়কে সুপরিকল্পিতভাবে এগিয়ে নেওয়ার পরিকল্পনা জানিয়ে রংপুরে একটি একাডেমি স্থানের সম্ভাব্যতার কথা বলেন তিনি।
সমবায়ভিত্তিক সংগঠন মিল্কভিটাকে সারাদেশে সম্প্রসারণের পরিকল্পনার কথাও জানান তিনি।
একটি বাড়ি একটি খামারকে যুগান্তকারী কর্মসূচি উল্লেখ করে স্থানীয় সরকারমন্ত্রী বলেন, “এ কর্মসূচির মাধ্যমে সঞ্চয়কে আমরা ব্যাপকভাবে উৎসাহিত করতে পেরেছি। বর্তমান কর্মসূচির মেয়াদ শেষে অবশ্যই নতুন করে পাঁচ বছরের জন্য কর্মসূচি নেওয়া হবে।”
বিএসআরএফের সভাপতি শ্যামল সরকারের সভাপতিত্বে সংলাপে স্থানীয় সরকার বিভাগের সচিব আবদুল মালেক, পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব এম এ কাদের সরকার, বিএসআরএফ’র সাধারণ সম্পাদক ছিদ্দিকুর রহমানও উপস্থিত ছিলেন।
