প্রবাসে নারী কর্মীদের নির্যাতন বাড়ার খবর সত্য নয়: মন্ত্রী
প্রবাসে নারী কর্মীদের ওপর যৌন নির্যাতনের বাড়ার খবর ‘তথ্য ভিত্তিক নয়’ বলে দাবি করেছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নুরুল ইসলাম বিসএসসি।
রোববার সংসদে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “প্রবাসে নারী কর্মীদের ওপর যৌন নির্যাতন বৃদ্ধি পাচ্ছে- এ ধারণাটি তথ্যভিত্তিক নয়।”
কামাল আহমেদ মজুমদারের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, “বিচ্ছিন্নভাবে প্রবাসে নারী কর্মীদের ওপর কিছু নির্যাতনের খবর পাওয়া গেছে। এ ধরনের খবর পাওয়া মাত্র সংশ্লিষ্ট দূতাবাস নারী কর্মীদের উদ্ধার করে প্রয়োজনীয় আইনি সহায়তা দিয়ে থাকে। কোনো গৃহকর্মী নিয়োগ কর্তার অধীনে কাজ করতে রাজি না থাকলে তার ইচ্ছা অনুযায়ী অন্যত্র কাজের ব্যবস্থা করা হয়।
“মমতাজ বেগম নামের একজন নারী কর্মী গত ২৪ মে আবুধাবিতে একটি ভবনের ১৪তলা থেকে পড়ে মারা যান। ঘটনাটিকে প্রাথমিকভাবে আত্মহত্যা বলে সন্দেহ করা হয়েছিল। তবে আবুধাবি পুলিশের প্রতিবেদন অনুযায়ী মমতাজের শরীরে নির্যাতনের কোনো আলামত পাওয়া যায়নি।”
গত ১০ ফেব্রুয়ারি ৮০০ রিয়াল (প্রায় ১৬ হাজার টাকা) বেতনে বাংলাদেশ থেকে এখ লাখ ২০ হাজার গৃহকর্মী নেওয়ার ব্যাপারে চুক্তি করে সৌদি আরব সরকার।
সম্প্রতি সৌদি গেজেটে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, অধিকাংশ বাংলাদেশি নারী শ্রমিক সৌদি আরবে গৃহকর্মী হিসেবে কাজ করতে আগ্রহী নন।
এর কারণ হিসেবে ওই প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশি নারী গৃহকর্মীরা সৌদি আরবের আচার, সংস্কৃতির সঙ্গে খাপ খাইয়ে নিতে পারেন না।
গণমাধ্যমে প্রকাশিত খবর, প্রতি মাসে ১০ হাজার নারী কর্মী সৌদি আরবে পাঠানোর কথা থাকলেও তা সম্ভব হচ্ছে না। এর আগে বিদেশে যেতে ইচ্ছুক নারী কর্মীদের নাম নিবন্ধনের জন্য গত ৫ থেকে ২৮ মার্চ পর্যন্ত সময় বেঁধে দেয় প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। পরবর্তীতে নিবন্ধন কার্যক্রম ৩১ মার্চ পর্যন্ত বাড়ানো হয়। নির্ধারিত সময়ে নাম নিবন্ধন করেন মাত্র ২ হাজার ৫৭০ জন নারী।
নির্যাতনের ভয়ে বাংলাদেশি নারীরা সৌদি আরব যেতে চাচ্ছেন না বলে খবরে প্রকাশ।
হাবিবুর রহমান মোল্লার প্রশ্নের জবাবে নুরুল ইসলাম বলেন, “সৌদি আরবে নারী কর্মীদের ওপর যৌন নির্যাতনের খবর সত্য নয়। সুনির্দিষ্ট অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে। বিদেশে নারী কর্মীদের একটি করে মোবাইল ফোনের সিম দেওয়া হয়েছে। কোনো ধরনের সমস্যা হলে তাদের দূতাবাসের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে।”
গোলাম দস্তগীর গাজীর প্রশ্নের জবাবে নুরুল ইসলাম জানান, বিদেশে অদক্ষ শ্রমিকের তুলনায় দক্ষ শ্রমিকের চাহিদা বেশি। তাই সরকার ৬টি ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজি এবং ৪৭টি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের মাধ্যমে এক লাখ ১৫ জনকে প্রশিক্ষণ দিয়েছে। এছাড়া নতুন করে ১৭টি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র নির্মাণের প্রকল্প শেষ হওয়ার পথে।
এক প্রশ্নের জবাবে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেন, চলতি অর্থবছরে সংরক্ষিত আসনের নারী সদস্যদের জন্য প্রথম পর্যায়ে কাবিখা কর্মসূচির আওতায় ১০০ টন এবং টিআর কর্মসূচির আওতায় ১০০ টন খাদ্য শস্য বরাদ্দ করা হয়েছে।
জাতীয় পার্টির সেলিম উদ্দিনের প্রশ্নের জবাবে খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম বলেন, “ব্রাজিল থেকে নিম্নমানের গম আমদানি সংক্রান্ত প্রকাশিত খবর সত্য নয়। আমদানি করা গম বিভিন্ন পরীক্ষাগারে পরীক্ষা করে এ তথ্য পাওয়া গেছে।”
