ফেনীতে জামায়াত-বিএনপির ৪৪ জন আটক
ফেনীতে বিএনপি ও জামায়াতে ইসলামীর ৪৪ নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ।
শনিবার গভীর রাত থেকে রোববার দিনভর জেলার চার উপজেলায় এ অভিযান চালানো হয় বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার শামসুল আলম সরকার।
ফেনী মডেল থানার ওসি মাহবুব মোরশেদ জানান, শনিবার রাতে গোপন বৈঠক করার সময় জেলা জামায়াতের অফিসে অভিযান চালায় পুলিশ।
“সেখান থেকে জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাহমুদুল হাসান ও অফিস সম্পাদক সফিকুল ইসলামসহ জামায়াতের ১৯ জন নেতাকর্মীকে আটক করা হয়।”
অরুণ চন্দ্র নামের এক যুবদলকর্মীকে রোববার সকালে শহরের পেট্রোল বাংলা এলাকা থেকে একটি এলজি ও একটি কার্তুজসহ আটক করে বলে জানান তিনি।
অতিরিক্ত পুলিশ সুপার শামসুল আলম সরকার জানান, জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আরও ২৪ জনকে আটক করা হয়েছে।
আটকদের বিভিন্ন নাশকতার মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করার পর কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয় বলে জানান তিনি।
