২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

সংবিধানের প্রতি সম্মান রেখে পিএসসিকে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির

সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে সংবিধানের প্রতি সম্মান রেখে সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান ও সদস্যদের দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Nov 2015, 10:13 PM

Updated : 25 Apr 2022, 02:06 PM

একইসঙ্গে প্রশাসনের সব পর্যায়ে মেধাবীদের নিয়োগের জন্য স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করারও আহ্বান জানিয়েছেন তিনি।

রোববার বিকেলে পিএসসি চেয়াম্যান ইকরাম আহমেদ দেখা করতে গেলে রাষ্ট্রপতি এ আহ্বান জানান।

রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন সাংবাদিকদের বলেন, “সাক্ষাতের সময় পিএসসি চেয়ারম্যান বলেন, সময় কমানোর জন্য ক্যাডার ও নন-ক্যাডার পদে নিয়োগ প্রক্রিয়া ডিজিটাইজ করা হয়েছে। পরীক্ষার সময় আঞ্চলিক কোনো কেন্দ্রে সমস্যা হলে পিএসসি ভিডিও কনফারেন্সের মাধ্যমে সমাধান করছে।

“পিএসসি চেয়ারম্যান জানান, বর্তমানে নিয়োগ পরীক্ষার জন্য একাধিক প্রশ্ন সেট তৈরি হচ্ছে। কোন সেটের মাধ্যমে পরীক্ষা হবে সেটা লটারি করে নির্ধারিত সময়ের আধা ঘণ্টা আগে ঠিক করা হয়।”

গোপনীয়তা রক্ষা করে পরীক্ষার ফলাফল ব্যবস্থাপনা ও মূল্যায়নের পদক্ষেপ নেওয়া হয়েছে বলেও রাষ্ট্রপতিকে অবহিত করেন পিএসসি চেয়ারম্যান।

রাষ্ট্রপতির কার্যালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।