২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিডিনিউজ ২৪ সাংবাদিকের উপর হামলা তদন্তে কমিটি

হবিগঞ্জের মাধবপুরে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি ও পুলিশের উপর হামলার ঘটনা তদন্তে একটি কমিটি গঠন করেছে পুলিশ।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Nov 2015, 09:55 PM

Updated : 22 Aug 2022, 01:49 PM

ব্রাহ্মণবাড়িয়ার সিনিয়র সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) শাহরিয়ার আল মামুনকে প্রধান করে শনিবার জেলা পুলিশ দুই সদস্য বিশিষ্ট এ কমিটি গঠন করে।

কমিটিকে পরবর্তী তিন কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে বলে কমিটি প্রধান মামুন জানিয়েছেন।

তবে, শুক্রবারের এ ঘটনার দুদিন পরও মামলা না হওয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন আহত সাংবাদিক পীযুষ আচার্য।

হবিগঞ্জের মাধবপুর উপজেলার আদাউর এলাকায় গভীর রাতে দুর্বৃত্তরা মারধর ও কুপিয়ে জখম করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি পীযূষ কান্তি আচার্য ও জেলা ট্রাফিক পুলিশের পরিদর্শক (টিআই) মো. বায়েজিদসহ পাঁচ জনকে।

পীযূষ আচার্য জানান, শুক্রবার রাতে নাসিরনগরের ভুবনে একটি মাজারে ওরস চলছিল। এজন্য রাতে একটি মাইক্রোবাসে করে ব্রাহ্মণবাড়িয়া শহর থেকে ওরসের তবারক নিয়ে যাওয়া হয়। এরপর তারা কয়েকজন মিলে আরেকটি মাইক্রোবাসে করে ভুবনের দিকে রওনা হন।

রাত ১২টার দিকে মাধবপুরের আদাউর এলাকায় পৌঁছলে আগে থেকে ওঁৎ পেতে থাকা একদল মুখোশধারী সশস্ত্র দুর্বৃত্ত তাদের বহনকারী মাইক্রোবাসের গতিরোধ করে বলে জানান তিনি।

কোনো কিছু বুঝে ওঠার আগেই তারা মাইক্রোবাসে ভাংচুর শুরু করে এবং পীযূষ ও গাড়ি চালক মোস্তাককে বের করে মারতে থাকে। পরে মাইক্রোবাসে থাকা বাকিদের ধারালো অস্ত্র দিয়ে কোপাতে শুরু করে, বলেন পীযুষ।

এরপর দুর্বৃত্তরা তাদের কাছ থেকে কয়েক লাখ টাকার মালামাল লুট করে পালিয়ে যায় বলে জানান তিনি।

পীযুষ বলেন, “ডাকাতরা মালামাল লুটে নেওয়ার পর ‘ওকে মেরে ফেল’ বলে তারা আমাকে বেধড়ক পেটাতে থাকে।”

তাই এ ঘটনাকে ডাকাতি না বলে পরিকল্পিতভাবে হত্যার চেষ্টা করা হয়েছিল বলেই দাবি করেছেন তিনি।

তদন্ত কমিটির প্রধান শাহরিয়ার আল মামুন বলেন, “ঘটনার আলামত দেখে প্রাথমিকভাবে মনে হচ্ছে এটি পরিকল্পিত হামলা। তবে ঘটনার তদন্ত চলছে। পরে বিস্তারিত জানা যাবে।”

হবিগঞ্জের মাধবপুর থানার ওসি মোল্লা মো. মনির হোসেন বলেন, এ ঘটনায় জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি। তবে ঘটনাটির তদন্ত চলছে।