বগুড়ায় ‘আনসারউল্লাহ বাংলা টিমের’ ২ জন গ্রেপ্তার
‘আনসারুল্লাহ বাংলা টিমের’ কথিত বগুড়া জেলা কমান্ডারসহ দুই জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার ভোরে বগুড়া সদরের মধ্যপালশা গ্রাম ও কাহালু উপজেলার দেওগ্রামে এ অভিযান চালানো হয় বলে জানান জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক আমিরুল ইসলাম।
গ্রেপ্তাররা হলেন মেহেদি হাসান জিহাদ ওরফে জিহাদ কাজি (২২) ও মুদাচ্ছির তানজিম (২০)।
এদের মধ্যে জিহাদ কাজি আনসারুল্লাহ বাংলা টিমের জেলা কমান্ডার এবং মুদাচ্ছির তানজিম সহকারী কামান্ডার বলে দাবি করছে পুলিশ।
পরিদর্শক আমিরুল ইসলাম বলেন, “ভোরে মধ্যপালশা গ্রামের নিজ বাড়ি থেকে আনসারুল্লাহ বাংলা টিমের জেলা কমান্ডার মেহেদি হাসান জিহাদকে গ্রেপ্তার করা হয়।”
তিনি ওই গ্রামের আব্দুল মজিদ ওরফে শাহিনুরের ছেলে।
তার বাড়ি থেকে ৭৩২টি জিহাদি বই, ২টি চাকু ও ৩টি হাসুয়া উদ্ধার করা হয় বলে জানান আমিরুল।
আমিরুল আরও বলেন, জিহাদের দেওয়া তথ্য অনুযায়ী একইদিন দুপুরে জেলার কাহালু উপজেলার দেওগ্রাম থেকে গ্রেপ্তার করা হয় ওই সংগঠনের ‘সহকারী জেলা কমান্ডার’ মুদাচ্ছির তানজিমকে। তিনি দেওগ্রামের ইয়াকুব আলীর ছেলে।
আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য তাদের ১০ দিনের হেফাজতে নেওয়ার আবেদন করা হয়েছে বলে জানান পরিদর্শক আমিরুল।
বগুড়ার পুলিশ সুপার আসাদুজ্জামান জানান, কমান্ডার জিহাদ আগে ইসলামী ছাত্র শিবির করতেন। দুই বছর আগে তিনি শিবির ছাড়েন এবং চলতি বছরের মার্চে আনসারুল্লাহ বাংলা টিমে যোগদান করেন।
“কিছুদিন আগে তিনি ওই সংগঠনের কমান্ডারের দায়িত্ব নেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে।”
এসপি আরও বলেন, “আমরা এখন পর্যন্ত জানতে পেরেছি যে গ্রেপ্তাররা জেলায় আনসারুল্লাহ বাংলা টিমকে সংগঠতি করার চেষ্টা করছিল। এজন্য তারা গোপনে সদস্য সংগ্রহে তৎপরতাও চালাচ্ছিল।”
বড় ধরনের নাশকতার কোনো পরিকল্পনা করা হচ্ছিল কি না প্রশ্ন করা হলে তিনি বলেন, “এখন পর্যন্ত এ ধরনের কোনো তথ্য পাইনি। তবে জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছি।”
