দশম সংসদের অষ্টম অধিবেশন শুরু
শুরু হয়েছে দশম জাতীয় সংসদের অষ্টম অধিবেশন, যা চলবে ২৩ নভেম্বর পর্যন্ত।
রোববার বিকালে স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অধিবেশন শুরু হয়।
এর পর স্পিকার শিরীন শারমিন চৌধুরী চলতি অধিবেশনের সভাপতিমণ্ডলী মনোনয়ন দেন। সভাপতিমণ্ডলীর সদস্যরা হলেন- মো. আলী আশরাফ, আবু জাহির, তালুকদার মো. ইউনূস, ফখরুল ইমাম, সেলিনা বেগম।
স্পিকার বা ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে সভাপতিমণ্ডলীর সদস্যদের মধ্যে অগ্রবর্তীজন সংসদ পরিচালনা করবেন।
এরপর স্পিকার সমাজকল্যাণমন্ত্রী সৈয়দ মহসিন আলী, সাবেক জাতীয় পরিষদ সদস্য মো. আনিসুর রহমান, সাবেক সংসদ সদস্য মিঞা মো.মনসুর আলী ও কে জে হামিদা খানমের মৃত্যুতে শোক প্রস্তাব উত্থাপন হয় অধিবেশনে।
এছাড়া পশ্চিমবঙ্গের বিধান সভার সাবেক স্পিকার হাসিম আব্দুল হালিম, সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুজ জহির চৌধুরী, ভাষাসৈনিক শরফুদ্দিন আহমেদ, মুক্তিযুদ্ধের কালজয়ী গানের রচয়িতা নয়ীম গহর, জাগৃতি প্রকাশনীর প্রকাশক ফয়সল আরেফিন দীপনের নামও শোক প্রস্তাবে ছিল।
ঢাকায় তাজিয়া মিছিলে বোমা হামলায় নিহতদের, হজের সময় সৌদি আরবের মক্কায় হারাম শরিফে ক্রেইন দুর্ঘটনা এবং মিনায় পদদলিত হয়ে নিহতদের, আফগানিস্তান ও পাকিস্তানে ভূমিকম্পে এবং মিশরে রুশ বিমান দুর্ঘটনায় নিহতদের জন্যও শোক জানিয়েছে আইনসভা।
দুটি অধ্যাদেশ উত্থাপন
অধিবেশনে আইনমন্ত্রী আনিসুল হক দুটি অধ্যাদেশ উত্থাপন করেন।
এগুলো হল পৌরসভা নির্বাচনে দলীয় প্রার্থীদের মনোনয়ন সংক্রান্ত ‘স্থানীয় সরকার (পৌরসভা) (সংশোধন) অধ্যাদেশ-২০১৫’ এবং ‘মানি লন্ডারিং প্রতিরোধ (সংশোধন) অধ্যাদেশ-২০১৫’।
অধ্যাদেশ জারির পর সংসদের প্রথম অধিবেশনে সেটি উত্থাপনের বাধ্যবাধকতা রয়েছে।
অধিবেশন ২৩ নভেম্বর পর্যন্ত
সংসদ বসার আগে অধিবেশনের মেয়াদ নির্ধারণে স্পিকারের সভাপতিত্বে বৈঠকে বসে কার্য উপদেষ্টা কমিটি।
কমিটি আগামী ২৩ নভেম্বর পর্যন্ত সংসদের বৈঠক চালানোর সিদ্ধান্ত নিয়েছে বলে সংসদ সচিবালয়ের গণসংযোগ শাখার পরিচালক মোতহার হোসেন জানিয়েছেন।
বৈঠকে স্পিকারকে প্রয়োজনে অধিবেশনের মেয়াদ বাড়ানো-কমানোর দায়িত্বও দেওয়া হয়েছে।
কমিটির বৈঠকে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা অংশ নেন।
বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ, সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী, জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ, শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, সংসদ সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত, বিমানমন্ত্রী রাশেদ খান মেনন, ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া, সংসদ সদস্য আবুল হাসানাত আব্দুল্লাহ, প্রধান হুইপ আ স ম ফিরোজ, জাসদ নেতা মইনউদ্দীন খান বাদল এবং আইনমন্ত্রী আনিসুল হক বৈঠকে অংশ নেন।
