২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

মোবাইল বাসে নারীরা পাবে প্রযুক্তি প্রশিক্ষণ

নারীদের কম্পিউটার ও তথ্য প্রযুক্তি বিষয়ে প্রশিক্ষণ দিতে ছয়টি মোবাইল বাস চালু করছে সরকার; যেসব বাসের যাত্রা শুরু হবে জানুয়ারি নাগাদ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Nov 2015, 05:29 PM

Updated : 12 Oct 2022, 04:24 PM

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের লার্নিং আর্নিং প্রকল্পের আওতায় এই পরিকল্পনা সহযোগিতা করছে মোবাইল অপারেটর রবি ও মোবাইল ফোন কোম্পানি হুয়েই।

রোববার দুপুরে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি) মিলনায়তনে ‘সাসটেইনেবল ডেভেলপমেন্ট অব বাংলাদেশি উইমেন থ্রো আইসিটি’ শিরোনামে এই প্রকল্প নিয়ে সমঝোতা স্মারকে সই করে এই তিন প্রতিষ্ঠান।

এর মধ্যে লার্নিং আর্নিং প্রকল্পের প্রকল্প পরিচালক মঞ্জুরুল আমিন, রবি’র প্রধান নির্বাহী কর্মকর্তা মাহতাব উদ্দিন আহমেদ ও হুয়েই এর প্রধান নির্বাহী কর্মকর্তা ঝাও হাওফু নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

প্রকল্পের বিভিন্ন দিক তুলে ধরে পলক বলেন, “লার্নিং অ্যান্ড আর্নিং প্রকল্পের আওতায় মোবাইল ট্রেইনিং বাস চালুর পরিকল্পনা নিয়েছি আমরা। দেশের মানুষকে প্রযুক্তি শিক্ষায় শিক্ষিত করার কাজটি সরকারের একার পক্ষে সম্ভব নয়। এ কারণে আমরা প্রাইভেট সেক্টরকে আহ্বান জানিয়ে থাকি।”

পলক জানান, আইসিটি বিভাগ, রবি ও হুয়েই এর প্রত্যেকে দু’টি করে বাস তৈরি করবে। আগামী ডিসেম্বর থেকে জানুয়ারি নাগাদ বাসগুলো তৈরি হয়ে যাবে; তারপর মাঠে নামবে।

দেশের অর্ধেক জনগোষ্ঠী নারী হলেও তারা ‘অনেকটা পিছিয়ে আছেন’ মন্তব্য করে তিনি বলেন, “এই জনগোষ্ঠীর জন্য প্রশিক্ষণের ব্যবস্থা করা দরকার, যাতে তারা আত্মকর্মসংস্থানের সুযোগ পায়।”

আইসিটি বিভাগ জানিয়েছে, তিন বছরের প্রাথমিক এই প্রকল্পে ছয়টি বাসের আওতায় ৬৪ জেলার দুই লাখ ৪০ হাজার তরুণ-মেধাবী নারীকে প্রশিক্ষণ দেওয়ার পরিকল্পনা করা হয়েছে।