সাতক্ষীরায় সাবেক মন্ত্রীর বাড়িতে ডাকাতি
সাতক্ষীরার তালা উপজেলায় জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতা ও সাবেক তথ্য প্রতিমন্ত্রী সৈয়দ দিদার বখতের বাড়িতে ডাকাতি হয়েছে।
শনিবার গভীর রাতে ডাকাতদল উপজেলার তেঁতুলিয়া গ্রামে তার বাড়িতে ডাকাতি করে।
দিদারের আত্মীয় শেখ সাদী ওই বাড়িতে সপরিবারে বসবাস করেন। সৈয়দ দিদার এ সময় বাড়িতে ছিলেন না।
তালা সরকারি কলেজ ছাত্রলীগের আহ্বায়ক শেখ সাদী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ঘরের গেটের তালা ভেঙে সাত-আটজনের একদল ডাকাত আগ্নেয়াস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে আট ভরি স্বর্ণালংকার ও লক্ষাধিক টাকা লুট করে।
তালা থানার ওসি মো. রেজাউল ইসলাম জানান, ডাকাতির খবর পেয়ে রোববার সকালে সাতক্ষীরা সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) আতিক, তালা উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহবুবুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
ডাকাতি মামলার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।
