২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শিক্ষানবিশ আইনজীবী খুনে মা-ছেলে গ্রেপ্তার

গাজীপুর শহরে শিক্ষানবিশ আইনজীবী এনামুল হক বিপ্লবকে হত্যার ঘটনায় এক যুবক ও তার মাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Nov 2015, 01:55 PM

Updated : 22 Aug 2022, 01:49 PM

রোববার সকালে শ্রীপুর উপজেলার ইজ্জতপুর রেল স্টেশন এলাকা থেকে মাহবুব হাসান রাব্বি ওরফে রাতুলকে (২২) গ্রেপ্তার করা হয়। শনিবার রাতে জেলা শহরের বরুদার বাসা থেকে গ্রেপ্তার করা হয় রাব্বীর মাকে (৪২)।

খুনের পর থেকেই রাব্বীর ভাই রবিন পলাতক রয়েছেন, যিনি খুনের সঙ্গে জড়িত বলে পুলিশ জানিয়েছে।

শনিবার সন্ধ্যায় জেলা শহরের উত্তর ছায়াবিথী এলাকায় শিক্ষানবিশ আইনজীবী এনামুল হক বিপ্লবকে (৪২) ছুরিকাঘাতে ও রড দিয়ে পিটিয়ে আহত করে দুর্বৃত্তরা। রাতে ঢাকা নেওয়ার পথে তার মৃত্যু হয়।

এ ঘটনায় রোববার জয়দেবপুর থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

দুপুরে গাজীপুরের পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশীদ তার কার্যালয়ে এক প্রেস ব্রিয়িংয়ে জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযান চালিয়ে শনিবার রাতে মা ও রোববার ছেলেকে গ্রেপ্তার করে।

এসপি বলেন, “রাব্বীর মায়ের সঙ্গে অনৈতিক সম্পর্কের কারণে শিক্ষানবিশ আইনজীবী বিপ্লব খুন হন। এ খুনের ঘটনায় রাব্বী ও তার ভাই রবিন সরাসরি জড়িত।”

রাব্বী পুলিশের কাছে খুন করার কথা স্বীকার করেছেন বলে জানান এসপি হারুন অর রশীদ।

এ হত্যার মামলায় অভিযোগ করা হয়, শনিবার সন্ধ্যায় খন্দকার এনামুল হক বিপ্লব তার বাসার সামনে পৌঁছলে আগে থেকে অবস্থান নেওয়া রাব্বী ও রবিন তাকে ঘিরে ধরেন। এক পর্যায়ে তারা বিপ্লবকে এলোপাথারি ছুরিকাঘাত ও লোহার রড দিয়ে আঘাত করে পালিয়ে যান।

তার চিৎকারে আশপাশের লোকজন গিয়ে উদ্ধার করে তাকে গাজীপুরে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পরামর্শ দেওয়া হয়। সেখান থেকে ঢাকার আরেকটি হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

নিহত বিপ্লব গাজীপুর জজ আদালতের শিক্ষানবিশ আইনজীবী এবং উত্তর ছায়াবীথি এলাকার মৃত খন্দকার সামসুদ্দিন বড় ছেলে।

জয়দেবপুর থানার ওসি খন্দকার রেজাউল হাসান রেজা জানান, মামলার অপর আসামি রবিনকে ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

রাব্বী নরসিংদী সদর উপজেলার সাহেব প্রতাপ গ্রামের মাসুদুর রহমানের ছেলে।