২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বঙ্গবন্ধুকে নিয়ে কটূক্তি: তারেকের বিরুদ্ধে পরোয়ানা

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ‘পাকবন্ধু’ বলার অভিযোগে এক মামলায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Nov 2015, 12:12 PM

Updated : 25 Apr 2022, 02:07 PM

রোববার ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম লুৎফুর রহমান শিশির এ পরোয়ানা জারি করেন।

এদিন বাদীর উপস্থিতিতে মামলার তদন্ত প্রতিবেদন গ্রহণের বিষয়ে শুনানির দিন ছিল। সেই প্রতিবেদন গ্রহণ করে বিচারক পরোয়ানা জারির আদেশ দেন।

২০১৪ সালের ২৯ সেপ্টেম্বর পূর্ব লন্ডনের ইয়র্ক হলে যুক্তরাজ্য বিএনপি আয়োজিত এক আলোচনা সভায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ‘পাকবন্ধু’ বলেন তারেক।

এ বিষয়ে গত বছরের ১৯ অক্টোবর বঙ্গবন্ধু ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি অ্যাডভোকেট মশিউর মালেক আদালতে অভিযোগ দায়ের করেন। পরে বিচারক তা মামলা হিসেবে নথিভুক্ত করেন।

গত ২১ মে গোয়েন্দা পুলিশের জ্যেষ্ঠ সহকারী পুলিশ কমিশনার জুয়েল রানা আদালতে প্রতিবেদন দাখিল করেন, যাতে ঘটনার সত্যতা পেয়েছেন বলে জানান তিনি।

অ্যাডভোকেট মশিউর মালেক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সে প্রতিবেদনের ওপর রোববার শুনানি শেষে তারেক রহমানের বিরুদ্ধে ‘রাষ্ট্রের নিন্দা ও অপপ্রচারের অভিযোগে’ গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম।”