২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হরতাল: সাত দশকে ৬০৫ এর ২৪৩ গেল ছয় বছরে

ব্রিটিশ শাসন থেকে স্বাধীনতা লাভের পর গত সাত দশকে ৬০৫টি হরতালের মধ্যে ২৪৩টিই গত ছয় বছরে আওয়ামী লীগ সরকার আমলে বিএনপি-জামায়াতে ইসলামী জোটসহ বিরোধী দলগুলো করেছে বলে একটি প্রতিবেদনে উঠে এসেছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Nov 2015, 08:48 PM

Updated : 12 Oct 2022, 04:23 PM

নিজের কাছে সংরক্ষিত তথ্য-উপাত্ত এবং সাত দশকের পত্রিকা ঘেটে প্রতিবেদনটি তৈরি করেছেন সাংবাদিক অজয় দাশগুপ্ত।

এতে বলা হয়েছে, ১৯৯০ সালের পর থেকে বাংলাদেশে হরতাল বেড়েছে।

১৯৮২ সালের মার্চ থেকে ১৯৯০ সালের ৬ ডিসেম্বর পর্যন্ত আট বছরে হরতাল হয়েছে ৭২ দিন। তার পরের ২৫ বছরে হরতাল হয়েছে ৪৬৩ দিন।

আর ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধ পূর্ববর্তী স্বাধীকার আন্দোলনের নানা পর্যায় পেরিয়ে এলেও পাকিস্তান আমলের ২৪ বছরে হরতাল হয়েছিল মাত্র ৪৭ দিন।

হরতাল দেওয়ার ক্ষেত্রে জামায়াতে ইসলামী এগিয়ে রয়েছে বলে প্রতিবেদনে উঠে এসেছে।

এতে বলা হয়, জাতীয় ও আঞ্চলিক পর্যায়ে ২০০১ থেকে ২০১৫ সাল পর্যন্ত জামায়াতে ইসলামী ৪৭৩টি হরতালে জড়িত, বিএনপি জড়িত ৪২১টিতে এবং আওয়ামী লীগ করেছে ১৭০টি হরতাল।

অজয় দাশগুপ্ত বলেন, “বাংলাদেশ বা পাকিস্তান আমল মিলিয়ে সবচেয়ে বেশি হরতালে জড়িত দল জামায়াতে ইসলামী।”

একসময় হরতাল গণদাবি আদায়ের প্রধান অস্ত্র হলেও বর্তমান সময়ে এসে সবচেয়ে সহজ রাজনৈতিক কর্মসূচিতে পরিণত হয়েছে বলে মন্তব্য করেন তিনি।

৭০ বছরে হরতাল ও এর নানা দিক নিয়ে গবেষণার আলোকে তিনি এ মতে পৌঁছেছেন বলে জানান চার দশকের এই সাংবাদিক।

শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে এক মতবিনিময় সভায় দাশগুপ্ত তার গবেষণার সারাংশ তুলে ধরেন।

তিনি বলেন, “গত ৭০ বছরের ইতিহাস দেখে মনে হয়েছে, হরতাল এখন সহজতম রাজনৈতিক কর্মসূচি হয়েছে।”

তার মতে, জনসভা বা অন্যান্য রাজনৈতিক কর্মসূচিগুলিতে কর্মী বা জনগণকে সম্পৃক্ত করতে হয়। কিন্তু বর্তমানে ‘গায়েবি ঘোষণাতেই’ হরতাল হয়ে যাচ্ছে।

অজয় দাশগুপ্ত জানান, ১৫ বছর কাজ করে ১৯৪৭ সালের ১৩ ডিসেম্বর থেকে ২০১৫ সালের ৩ নভেম্বর পর্যন্ত যেসব হরতাল হয়েছে তার নানা দিক পর্যালোচনা করেছেন।

গবেষণাকর্মটি পরবর্তীতে বই আকারে প্রকাশের পরিকল্পনা জানান তিনি।

১৯১৯ সালে ব্রিটিশ ভারতে মোহনদাশ করমচাঁদ গান্ধীর ডাকা অহিংস আন্দোলন কিভাবে সহিংস হয়ে ওঠে এবং বর্তমানে এসে তা কিভাবে নাশকতায় পরিণত হয়েছে তাও দেখিয়েছেন অজয় দাশগুপ্ত।

‘ধর্মীয় মৌলবাদী গোষ্ঠীর দিক থেকেই’ হরতালে সহিংসতা এসেছে বলে মন্তব্য করেন তিনি।

Image
হরতালে অহরহ বাসে আগুন দেওয়া হয়

হরতালে অহরহ বাসে আগুন দেওয়া হয়

হরতালে পেট্রোল বোমা ব্যবহারের উল্লেখ করে তিনি বলেন, “আগে হরতালের আগের দিন মশাল মিছিল হত। আর এখন সাম্প্রতিক সময়ে কী এসেছে তা আমরা দেখেছি।”  

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিকের সভাপতিত্বে অনুষ্ঠানের সঞ্চালক এমএম আকাশ বলেন, “হরতালে ক্রমাগত জনসমর্থন ও অংশগ্রহণ কমে যাচ্ছে।”

সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) নির্বাহী পরিচালক মোস্তাফিজুর রহমান বলেন, দেশের প্রতিটি জায়গায় কিছু কিছু অর্থনৈতিক কর্মকাণ্ড হচ্ছে। হরতালে সেগুলো বিঘ্নিত হয়।

“বর্তমান সময়ে হরতালে যে ধ্বংসযজ্ঞ দেখছি, সেটা বিবেচনায় নিলে খুবই বিপজ্জনক সংকেত।”

মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি সারওয়ার আলী বলেন, “আগে হরতালের সংখ্যা ছিল কম, জনসম্পৃক্ততা ছিল বেশি। এখন হরতাল বেশি, জনসম্পৃক্ততা কম।”

বর্তমানে হরতাল শুধু ‘অচল’ নয়, একটি ‘ক্ষতিকর’ কর্মসূচি বলেও মন্তব্য করেন তিনি।