তাইওয়ানি দম্পতিকে জখম: গ্রেপ্তার জাহাঙ্গীর রিমান্ডে
ঢাকার উত্তরায় তাইওয়ানি দম্পতির ওপর হামলার অভিযোগে গ্রেপ্তার জাহাঙ্গীরকে জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের হেফাজত মঞ্জুর করেছে আদালত।
ঢাকা মুখ্য মহানগর হাকিম এমদাদুল হক এ আদেশ দেন।
পুলিশের প্রসিকিউশন বিভাগের সহকারী কমিশনার মিরাশ উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মামলার তদন্ত কর্মকর্তা আনোয়ার হোসেন ১০ দিনের হেফাজত চেয়েছিলেন। আদালত শুনানি শেষে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।”
আসামির আইনজীবী জামিন আবেদন করলেও তা নাকচ হয়েছে বলে জানান তিনি।
শুক্রবার গভীর রাতে তাইওয়ানের ওই দম্পতির বাসায় ঢুকে তাদের ধারালো অস্ত্রের আঘাতে আহত করে তিন লাখ টাকা ছিনতাই করে নিয়ে যায় তিন হামলাকারী।
আহত ওয়াং মিং চি (৫৪) এবং তার স্ত্রী লিও লি হুয়া (৫০) হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
এই দম্পতি বাংলাদেশে আছেন প্রায় দশ বছর ধরে। গাজীপুরের গাছা এলাকায় তাদের কারখানায় পিভিসি ডোর ও সিলিং তৈরি হয়। ওয়াং মিং চি ওই কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক; তার স্ত্রীও এর একজন পরিচালক।
এই ঘটনায় জড়িত অভিযোগে ওই প্রতিষ্ঠানের সাবেক কর্মচারী জাহাঙ্গীরকে শুক্রবার ভোরে সাভারের বাইপাইল থেকে গ্রেপ্তার করা হয়।
ওয়াং মি’র অবস্থা অপরিবর্তিত
ঢাকার অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন ওয়াং মি চির অবস্থা অপরিবর্তিত রয়েছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। তবে তার স্ত্রী লিও লি হুয়ার অবস্থা উন্নতির দিকে।
হাসপাতালের ডিউটি ম্যানেজার মফিদুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ওয়াং মিং চি এখনও সংজ্ঞাহীন। প্রয়োজনীয় সকল চিকিৎসা তাকে দেওয়া হচ্ছে। তবে তার স্ত্রী এখন আশঙ্কামুক্ত।
‘ব্যবসায়িক বিরোধে হামলা’
তাইওয়ানি দম্পতির ওপর হামলার ঘটনাটি ব্যবসায়িক বিরোধ নিয়ে ঘটেছে বলে শনিবার জানিয়েছেন মহানগর পুলিশের যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম।
তিনি জানিয়েছেন, সকল অপরাধীকে চিহ্নিত করা গেছে। একজন ইতোমধ্যে গ্রেপ্তার হয়েছে। বাকি দুই জনকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
ওই তিন জনকে আসামি করে একটি মামলা হয়েছে বলে জানিয়েছেন জিং ইয়াং ইন্টারন্যাশনাল কোম্পানি লিমিটেডের মহা ব্যবস্থাপক (জিএম) সামির হাসিব।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, শুক্রবার রাতে তিনি নিজে বাদী হয়ে মামলা করেছেন। মামলায় জাহাঙ্গীর ছাড়াও তার দুই শ্যালক রাজু এবং সাজুকে আসামিকে করা হয়েছে।
