বরের গাড়ি থেকে কনে ছিনতাই
নারায়ণগঞ্জের আড়াইহাজারে বরের গাড়িবহরে হামলা চালিয়ে নববধূকে অপহরণ করার অভিযোগ পাওয়া গেছে।
আড়াইহাজার থানার ওসি সাখাওয়াত হোসেন জানান, শুক্রবার সন্ধ্যায় উপজেলার সাতগ্রাম ইউনিয়নের রসূলপুর গ্রামে এ ঘটনা ঘটে।
এতে বরসহ অন্তত পাঁচ জন আহত হয়েছে। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
এলাকাবাসীর বরাত দিয়ে ওসি বলেন, শুক্রবার সন্ধ্যায় বিয়ের অনুষ্ঠান শেষে কনের বাড়ি থেকে প্রাইভেটকারে করে বরযাত্রী ফিরছিল। পথে রসুলপুর এলাকায় অস্ত্রশস্ত্র নিয়ে বরের গাড়ির গতিরোধ করে টেকপাড়া এলাকার মোফাজ্জল (২৪), আলমগীর (২০), রাকিবসহ (১৯) ৭/৮ জন।
“তারা বর ও তার সহযাত্রীদের পিটিয়ে নববধূকে জোর করে অটোরিকশায় তুলে নিয়ে যায়।”
মেয়েটির বাবা বলেন, “ঈদের নামাজের পর একটি তুচ্ছ ঘটনায় এই সন্ত্রাসীরা আমাকে কুপিয়ে জখম করে। এ ব্যাপারে তাদের বিরুদ্ধে মামলা করি। এরপর থেকে তারা আমাকে মামলা তুলে নেওয়ার জন্য হুমকি দিয়ে আসছিল।”
ওসি আরও বলেন, এ ব্যাপারে লিখিত অভিযোগ পাওয়ার পর রাত থেকেই পুলিশ মেয়েটিকে উদ্ধার ও অপহরণকারীদের গ্রেপ্তারে জন্য অভিযান চালাচ্ছে।
